ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ উপাধি উইলিয়াম-কেটের
রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল শুক্রবার প্রিন্স উইলিয়ামকে আনুষ্ঠানিকভাবে ‘ডিউক অব ক্যামব্রিজ’ উপাধিতে ভূষিত করেছেন। বিয়ের অনুষ্ঠানের আগমুহূর্তে তাঁকে এই রাজকীয় পদমর্যাদায় ভূষিত করা হয়। রাজপরিবারের প্রথা অনুযায়ী বিয়ের পর কেট মিডলটন লাভ করেন ‘ডাচেস অব ক্যামব্রিজ’ উপাধি। বাকিংহাম প্রাসাদ সূত্র এ তথ্য জানিয়েছে।রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী বিয়ের দিন একটি উপাধি গ্রহণ করতে হয়। কেট মিডলটন ডাচেস উপাধি লাভ করলেও স্বামীর নাম গ্রহণ করে কৌশলগত দিক থেকে তিনিই হবেন প্রিন্সেস অব ওয়েলস।তবে জন্মসূত্রে প্রিন্সেস না হওয়ায় কেট মিডলটন আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস উপাধি ব্যবহার করতে পারবেন না। যদিও গণমাধ্যম তাঁকে প্রিন্সেস হিসেবে পরিচিত করাতে পারবে। উইলিয়ামের প্রয়াত মা ডায়ানার ক্ষেত্রেও এমনটি ঘটেছে। গণমাধ্যমের সুবাদে প্রিন্সেস ডায়ানা হিসেবেই জগৎজোড়া পরিচিতি পেয়েছিলেন তিনি।দ্বিতীয় চার্লসের শাসনামল থেকে রাজকীয় উপাধি ডিউক অব ক্যামব্রিজের প্রচলন হয়। সর্বশেষ ডিউক অব ক্যামব্রিজ ছিলেন প্রিন্স জর্জ। তিনি ১৮১৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি তৃতীয় জর্জের নাতি এবং প্রথম ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স অ্যাডোলফাস ফ্রেডেরিকের ছেলে ছিলেন। এএফপি ও রয়টার্স।