ডিএমকে নেতার বাড়িতে তল্লাশি
ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার এক দিন পর গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা ডিএমকের একজন শীর্ষস্থানীয় নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছেন। ওই নেতার নাম এম কে স্টালিন।এ ঘটনাকে সরকারের ‘প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছেন ডিএমকের ওই নেতা। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ডিএমকের নেতা স্টালিনের বাড়িতে অভিযান চালানোর ঘটনায় সরকারের কোনো হাত নেই। এ ঘটনায় সরকারও বিব্রত। স্টালিনের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সিবিআইয়ের যে কর্মকর্তারা ওই অভিযান চালিয়েছেন, তাঁরা সরকারের ‘হুকুমের দাসে’ পরিণত হয়েছেন। এই অভিযানের যুক্তিসংগত কোনো কারণ ছিল না। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার ক্ষমতার চরম অপব্যবহার করেছে। কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতাও ওই অভিযানের ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন। এএফপি।