ডিক চেনির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ আনছে নাইজেরিয়া
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। চেনির বিরুদ্ধে অভিযোগ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র উন্নয়নকারী প্রতিষ্ঠান হেলিবার্টনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালে নাইজেরিয়ায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট নির্মাণের জন্য তিনি দেশটির সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। ঘুষ লেনদেনের বিষয়টি নিয়ন্ত্রণ করে হেলিবার্টনের অধীন প্রকৌশল ফার্ম কেবিআর।নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থার একজন কৌঁসুলি গত বুধবার এসব তথ্য জানিয়েছেন। দেশটির ইকোনমিক অ্যান্ড ফিন্যানশিয়াল ক্রাইমস কমিশনের কৌঁসুলি গডউইন ওবলা বলেছেন, চেনির বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে অভিযোগ আনা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হবে।ডিক চেনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত হেলিবার্টনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশের রানিংমেট হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি বিজয়ী হন। ডিক চেনির আইনজীবী টেরেন্স ওডনেল এক বিবৃতিতে বলেন, এক দশক আগে এ ঘটনা ঘটেছে। এত বছর পর তাঁর (চেনির) সময় ঘটা একটি বিষয় জাগিয়ে তোলা সম্পূর্ণ অমূলক।অভিযোগ রয়েছে, দক্ষিণ নাইজেরিয়ার বনি দ্বীপে ৬০০ কোটি ডলারের এলএনজি প্ল্যান্ট স্থাপনার কাজ পেতে দেশটির সরকারি কর্মকর্তাদের এসব বিদেশি প্রতিষ্ঠান ১৮ কোটি ডলার ঘুষ দেয়। বিবিসি।