মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে রাজপথে জোরালো আন্দোলন শুরু করেছে বিরোধীরা। গত শুক্রবার কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভের পর আজ মঙ্গলবার সেখানেই বড়সড় বিক্ষোভের ডাক দিয়েছে তারা। একই সঙ্গে ধর্মঘটের হুমকি দিয়েছেন দেশের বিচারকেরা। এ অবস্থায় বিচারকদের সঙ্গে গতকাল সোমবার বৈঠকে বসেন প্রেসিডেন্ট মুরসি।শুধু দেশে নয়, পশ্চিমাদের কাছেও মুরসির পদক্ষেপ গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ফলে একই সঙ্গে দেশে এবং দেশের বাইরে প্রথমবারের মতো বড় ধরনের চাপের মুখে পড়েছেন মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি।নিজের ক্ষমতা আরও বাড়িয়ে গত বৃহস্পতিবার একটি ডিক্রি (আদেশ) জারি করেন প্রেসিডেন্ট মুরসি। ওই আদেশের ফলে প্রেসিডেন্টের নেওয়া কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ। এমনকি দেশের বিচার বিভাগও প্রেসিডেন্টের গৃহীত কোনো পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করতে পারবেন না।ওই আদেশকে প্রেসিডেন্টের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার চেষ্টা অভিহিত করেছে বিরোধীরা। তারা আবার সেই ঐতিহাসিক তাহরির স্কয়ারে বিক্ষোভ শুরু করেছে। গত শুক্রবার রাতে বিক্ষোভকারীরা সেখানে তাঁবু গেড়ে রাতভর বিক্ষোভ করে। পরদিন শনিবার সকালের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় শতাধিক মানুষ আহত হয়। এরপর আজ মঙ্গলবার তাহরির স্কয়ার অভিমুখে বড়সড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। এর মধ্যে গত রোববার নিল ডেল্টা ও দামানহুর শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক কিশোর নিহত ও অন্তত ৬০ জন আহত হন।তবে রোববার মুরসি বলেন, ‘সাময়িক পদক্ষেপ হিসেবে ওই আদেশ জারি করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা।’ সারা দেশের বিচারকদের প্রতিনিধিত্বকারী সংস্থা ‘জাজেস ক্লাব’ প্রেসিডেন্টের ওই আদেশের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। তাঁদের অনেকে গত রোববার থেকে ধর্মঘট শুরু করেছে।তবে বিচার বিভাগের শীর্ষ প্রতিষ্ঠান ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ ওই আদেশ প্রত্যখ্যান করেনি। তারা বলেছে, ওই আদেশের ক্ষমতা শুধু সর্বজনসম্মত বিষয়ে ব্যবহার করা হবে। বিচারকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে কাউন্সিল।এ অবস্থায় প্রেসিডেন্ট ও বিচারকদের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন বিচারমন্ত্রী আহমেদ মেক্কি। কিন্তু সমঝোতার এসব উদ্যোগকে লোক দেখানো বলে মনে করছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান নাফা। তিনি বলেন, ‘এসব উদ্যোগে কোনো কাজ হবে বলে মনে হয় না, ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হবে।’মিসরের পশ্চিমা মিত্ররাও মুরসির ওই আদেশ জারিতে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, মুরসির পদক্ষেপ যে গ্রহণযোগ্য নয়—যুক্তরাষ্ট্রের উচিত তাঁকে তা জানিয়ে দেওয়া।