ডিজনি ওয়ার্ল্ডের গোপন তথ্য

ওয়াল্ট ডিজনির থিম পার্ক ‘সবচেয়ে আনন্দময় স্থান’ বলে বিশ্বজুড়ে পরিচিত। উত্তেজনা আর কল্পরাজ্যে হারিয়ে যেতে প্রতিদিনই এসব থিম পার্কে অনেক মানুষের আনাগোনা হয়। সম্প্রতি আনন্দময় এসব থিম পার্কের কিছু গোপন তথ্য সামনে এসেছে। জানা গেছে, দুটি থিম পার্কে সবার অগোচরে প্রিয়জনের দেহভস্ম ফেলে যান কোনো কোনো দর্শনার্থী।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির থিম পার্ক দুটির একটি ফ্লোরিডার অরল্যান্ডোতে, অপরটি ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে অবস্থিত। সেখানকার আবর্জনা বা বর্জ্য সরানোর জন্য রক্ষণাবেক্ষণকারীরা সাংকেতিক ভাষায় বার্তা আদান–প্রদান করেন। ব্যবস্থাপক যদি রেডিওতে ‘কোড ভি’ বলেন, তাহলে বুঝে নিতে হবে, কোনো দর্শনার্থী বমি করেছেন। কাজেই তা পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে। আবার ‘হেপা (এইচইপিএ) ক্লিনআপ’ বার্তার অর্থ হলো, থিম পার্কের কোনো স্থানে কেউ প্রিয়জন বা স্বজনের দেহভস্ম ফেলে গেছেন! সাবেক ও বর্তমান কয়েকজন রক্ষণাবেক্ষণকারী বলেছেন, মানুষের দেহভস্ম চিহ্নিত করা এবং তা পরিষ্কার করা থিম পার্কগুলোর অন্যতম গোপন কাজ। মাসে অন্তত একবার থিম পার্কে কেউ না কেউ প্রিয়জনের দেহভস্ম ফেলে যান।
ডিজনির থিম পার্কে স্বজনের দেহভস্ম ফেলে যাওয়া ব্যক্তিদের একজন ফ্লোরিডার জোডি জ্যাকসন। ২০০৯ সালে জ্যাকসনের মা মারা গেলে তাঁর ভস্ম তিনি বোতলে করে অরল্যান্ডোতে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যান। কর্তৃপক্ষের চোখ এড়িয়ে তিনি রাইড স্মল ওয়ার্ল্ডে ওই ভস্ম ফেলেন। স্মল ওয়ার্ল্ডে দর্শনার্থীরা জলযানে চেপে বিভিন্ন ধরনের শব্দ ও অ্যানিমেশনের মাধ্যমে সৃষ্ট ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে যান। জ্যাকসনের দাবি, ওই রাইড তাঁর মাকে সবচেয়ে বেশি আনন্দ দিত।
ফ্লোরিডার আরেক বাসিন্দা ক্যারিন রেকারের বাবা আবেগপ্রবণ হয়ে পড়তেন ডিজনি ওয়ার্ল্ডের আইসক্রিম পারলারের বাইরে মূল সড়কে আতশবাজি ফোটানোর দৃশ্য দেখে। ২০০৬ সালে তিনি মারা যান। এরপর তাঁর ভস্ম থিম পার্কটির আতশবাজি ফোটানোর জায়গাসহ বহু জায়গায় ছিটিয়েছেন রেকার।
ডিজনিল্যান্ডের কোথায় মানুষের দেহভস্ম পড়েনি! ম্যাজিক কিংডম লন, পার্কের ফটকের বাইরে, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ও ডাম্বো রাইডে উড়ন্ত হাতির ওপর—সব জায়গায়ই দেহভস্ম পড়েছে। পার্কের কর্মী ও রক্ষণাবেক্ষণকারীদের দেওয়া তথ্যমতে, সবচেয়ে বেশি ভস্ম পড়েছে ৪৯ বছরের পুরোনো হন্টেড ম্যানসনে। রহস্যজনক এই বাড়িতে কাল্পনিক সব ভূতের ঘোরাফেরা।