ডিজিটাল যুগের সাহিত্য নিয়ে য়োসার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা বলেছেন, তিনি নিজে কাগজে ছাপা প্রচলিত বই পছন্দ করেন এবং তাঁর আশঙ্কা, ডিজিটালাইজেশন ও ই-বুকের এ যুগে সাহিত্যের অনেক মূল্যবান অনুষঙ্গ ও ঐতিহ্য হারিয়ে যেতে পারে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।য়োসা বলেন, তিনি আশা করেন, নতুন তথ্যপ্রযুক্তি বলতে বইয়ের মৌলিক বিষয়বস্তু থেকে বিচ্যুত হওয়াকে বোঝায় না। তিনি বলেন, এতকাল ধরে তিনি যে পুঁথিগত শব্দভান্ডার লালন করে আসছেন, তথ্যপ্রযুক্তির বিপ্লব দ্রুতগতিতে সে শব্দভান্ডারের জগৎ পাল্টে দিচ্ছে। তিনি বলেন, তিনি গতানুগতিক কাগজে ছাপা বইকেই বই মনে করেন। তাঁর আশঙ্কা, কাগজে ছাপা বইয়ের বিষয়বস্তু তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনি মনে করেন, এ বিষয়টি লেখক-পাঠকদের ইচ্ছার ওপর অনেকটা নির্ভর করছে। তাঁরা চাইলে প্রযুক্তির বিস্তার ছাপার বইয়ের চাহিদাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এএফপি।