ডুবন্ত ফেরি থেকে হূদয়-চেরা বার্তা
৪৭৫ জন যাত্রী ও নাবিক। যাত্রীদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। তাদের নিয়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে ডুবে যাচ্ছে একটি ফেরি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই শিক্ষার্থীরা মুঠোফোনে তাদের প্রিয়জনদের কাছে ভীতি, ভালোবাসা ও হতাশার খুদে বার্তা পাঠিয়েছে। হূদয়-চেরা সেই বার্তাগুলো পুরো জাতিকে বিমূঢ় করে দিয়েছে। ভাসিয়েছে আবেগে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার উপকূলে গতকাল বুধবার একটি ফেরি ডুবে গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন স্কুলছাত্র। অন্যজন ফেরির একজন নারী কর্মী। অনেককে উদ্ধার করা হলেও এখনো ২৯৬ জন নিখোঁজ।
ডুবে যাওয়া ফেরিটি দক্ষিণ কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচিয়ন বন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় অবকাশযাপন কেন্দ্র জেজু দ্বীপের উদ্দেশে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর রওনা হয়। ফেরির মোট ৪৭৫ জন যাত্রীর মধ্যে ৩০০ জনের বেশি স্কুলছাত্র। তারা রাজধানী সিউলের দক্ষিণের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক।
কয়েক ডজন জাহাজ ও হেলিকপ্টার দিয়ে উদ্ধার তত্পরতা চালানো হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন, ৩৬৮ জনকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁরা গণনায় সমস্যা ছিল উল্লেখ করে জানান, ১৭৯ জনকে উদ্ধার করেছেন তাঁরা। অন্যরা এখনো নিখোঁজ।’
ছয় হাজার ৮২৫ টন ওজনের ফেরিটি গতকাল স্থানীয় সময় সকাল নয়টায় (গ্রিনিচ মান সময় ০০টা) বিপত্সংকেত পাঠায়। এর দুই ঘণ্টার মধ্যে সেটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। তাত্ক্ষণিক দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।
শিং ইয়াং-জিন নামের এক শিক্ষার্থী তার মাকে পাঠানো বার্তায় লিখেছে, ‘মা, তোমাকে ভালোবাসি—এই কথা হয়তো আর বলতে পারব না।’
ওই মা তখনো জানতেন না তাঁর সন্তান কী বিপদে পড়েছে। তাই মায়ের জবাব ছিল, ‘তোমাকেও ভালোবাসি আমি।’
অন্যদের চেয়ে শিং ভাগ্যবান। কারণ, অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
ওই বিপজ্জনক পরিস্থিতিতে কিম নামের আরেক শিক্ষার্থী সাহায্য চেয়ে তার বড় ভাইয়ের কাছে মুঠোফোনে বার্তা পাঠিয়েছে। তাতে সে লিখেছে, ‘আমার কক্ষটি কাত হয়ে যাচ্ছে। আমার মুঠোফোন ঠিকমতো কাজ করছে না।’ জবাবে তার ভাই পরামর্শ দিয়ে লিখেছেন, তিনি নিশ্চিত সাহায্য আসছে।
তবে কিম এখনো নিখোঁজ।
এক ছাত্রী তার বাবাকে বার্তা পাঠিয়েছে, ‘বাবা, দুশ্চিন্তা করো না। আমি জীবনরক্ষাকারী পোশাক পরেছি। অন্যদের সঙ্গে আমি জাহাজের ভেতরে আছি।’
বাবা লিখেছিলেন, ‘বের হয়ে আসার চেষ্টা করো।’
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেয়ে বাবাকে লিখেছে, ‘আমি বের হতে পারছি না। জাহাজটি অনেক কাত হয়ে গেছে।’
হতভাগ্য স্কুল শিক্ষার্থীদের এমন সব খুদেবার্তা দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আবেগে পুরো জাতি আপ্লুত হয়ে পড়েছে।