ডুবোজাহাজের হামলা ঠেকানোর কসরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উপেক্ষা করে জাপান সাগরে যৌথ সামরিক মহড়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। গতকাল সোমবার দ্বিতীয় দিনে ডুবোজাহাজের হামলা মোকাবিলার মহড়া চালানো হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তির প্রদর্শন করছে।এই মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিচ্ছে। ৬০ হাজার টন ইস্পাত দিয়ে নির্মিত বিশ্বের অন্যতম বড় এই যুদ্ধজাহাজটি ছয় হাজারের বেশি ক্রু বহন করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম উদাহরণ পরমাণু শক্তিচালিত এই জর্জ ওয়াশিংটন। গতকাল চারটি এফ-২২ র‌্যাপটর স্টিলথ যুদ্ধবিমান প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা প্রদক্ষিণ করে। গত কয়েক বছরের মধ্যে এটা খুব বড় সামরিক মহড়া হলেও প্রথম নয়।মার্কিন সপ্তম বিমান বহরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি রেমিংটন সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে সিউলের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকারের বিষয়টিই প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে যেকোনো হামলার জবাব কেমন হবে তার একটি ধারণা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনানের ডুবে যাওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করা হয়। এ নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত মে মাসের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবেছে চেওনান। সিউল ও ওয়াশিংটন এ ব্যাপারে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অবরোধও আরোপ করেছে। এর জবাবে সামরিক ব্যবস্থা এমনকি পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার জবাবে একটি নৌ-মহড়ার আয়োজনের ঘোষণাও দিয়েছে উত্তর কোরিয়া।গতকালও এই মহড়ার সমালোচনা করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা রোডং সিনমুন। তবে শনিবারের তুলনায় তাদের সমালোচনার সুর নরম ছিল। শনিবার ওই পত্রিকায় বলা হয়েছিল এই পরমাণু অস্ত্রের মাধ্যমে এই মহড়ার জবাব দেওয়া হবে। গতকাল পত্রিকাটি অভিযোগ করে, দ্বিতীয় কোরীয় যুদ্ধ শুরুর উসকানি দিচ্ছে ওয়াশিংটন ও সিউল। বিবিসি, এএফপি।