ভারতে ডেনিশ নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় জড়িত আরও ছয়জনের খোঁজে রাজধানী নয়াদিল্লিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ৫১ বছর বয়সী ওই নারী গত মঙ্গলবার রাতে গণধর্ষণের শিকার হন। দুর্বৃত্তরা প্রায় তিন ঘণ্টা তাঁর ওপর পাশবিক নির্যাতন চালায়।
প্রায় এক বছর আগে দিল্লিতে চলন্ত বাসে চিকিৎসাবিদ্যার একজন ছাত্রী গণধর্ষণের শিকার হন। পরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক নিন্দা, প্রতিবাদ ও সমালোচনা হয়। ওই ঘটনার পর কর্তৃপক্ষ শহরের নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেখানে আবার যৌন নির্যাতনের ঘটনা কর্তৃপক্ষের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
কাজ শেষে ওই নারী দিল্লির হোটেলে ফিরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। এ সময় হোটেলে ফেরার রাস্তা খুঁজতে গিয়ে তিনি একদল দুর্বৃত্তের কবলে পড়েন। পুলিশ ধারণা করছে, ছুরির ভয় দেখিয়ে তারা ওই বিদেশি নারীকে গত মঙ্গলবার বিকেলে দিল্লি রেলওয়ে স্টেশনসংলগ্ন স্টেট এন্ট্রি রোডের পাশে একটি ছোট বাগানে নিয়ে তিন ঘণ্টা পাশবিক নির্যাতন চালায়। দুর্বৃত্তদের তিনজন তাঁকে একাধিকবার ধর্ষণ করে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।