ডেভিড ক্যামেরনকে টিউলিপসহ তিন এমপির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক

শরণার্থীদের আশ্রয় প্রদানে যুক্তরাজ্য সরকারকে নেতৃত্বের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। গত শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি। পার্শ্ববর্তী আসন হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি কিয়ার স্টারমার এবং হর্নসি অ্যান্ড উড গ্রিন আসনের এমপি ক্যাথেরিন ওয়েস্ট যৌথভাবে ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি টিউলিপের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই দিন একই দাবিতে তিন এমপির একটি লেখা গার্ডিয়ান অনলাইনে প্রকাশিত হয়।
লেবার পার্টির এই তিন এমপির লেখা চিঠিতে শরণার্থী প্রশ্নে ক্যামেরন
সরকারের আচরণের কড়া সমালোচনা করা হয়। বলা হয়, ‘অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দীর্ঘ ঐতিহ্য নিয়ে আমরা সব সময় অহংকার করি। অথচ পরিতাপের বিষয় হচ্ছে, আপনার সরকার ওই গর্বের ঐতিহ্যের ধারাবাহিকতায় নিজেকে পরিচালিত করছে না।’
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো যাতে সামর্থ্য অনুযায়ী ভাগ করে শরণার্থীদের আশ্রয় দেয়, সে লক্ষ্যে দীর্ঘদিন চেষ্টা হচ্ছে। কিন্তু ইইউর সেনজেনের (উন্মুক্ত সীমান্ত জোট) সদস্য নয় দাবি করে যুক্তরাজ্য ওই সমঝোতায় কখনো রাজি হয়নি। আবার কোনো দেশ যাতে এককভাবে চাপে না পড়ে, সে কারণে শরণার্থীদের আশ্রয় প্রদানে উন্নত দেশগুলোর জন্য একটা কোটা নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেয় জাতিসংঘ। কিন্তু নিজস্ব নীতি মানার অজুহাত দেখিয়ে জাতিসংঘের উদ্যোগে নিজেদের যুক্ত করেনি যুক্তরাজ্য। আবার ১৯৯০ সালে প্রণীত ‘ডাবলিন প্রটোকল’ অনুযায়ী, ইইউভুক্ত যে দেশে শরণার্থী প্রথম প্রবেশ করবে সেই দেশেই ওই শরণার্থীকে আশ্রয় চাইতে হবে। এই প্রটোকলের সুযোগ নিয়ে শরণার্থীদের নিজ সীমা‌ন্তে প্রবেশ করতে দিচ্ছে না যুক্তরাজ্য। সাগরপথে আসা শরণার্থীদের অনুসন্ধান ও উদ্ধারে অভিযান বন্ধ করে দিয়েছে ইইউ। যুক্তরাজ্য এ ক্ষেত্রেও নীরব থেকেছে।

তিন এমপির লেখা চিঠিতে এসব প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ‘শরণার্থী প্রশ্নে সরকারের বর্তমান নীতি আমাদের সামনে সংকটকে আরও কঠিন করে তুলছে। এর ফলে মানবিকÿবিপর্যয়ের যে মর্মান্তিক ঘটনা ঘটছে, তা গত বুধবার পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠার খবরে স্পষ্ট হয়েছে’। (বুধবার যুক্তরাজ্যের বেশির ভাগ দৈনিক তুরস্ক সমুদ্রতীরে উপুড় হয়ে পড়ে থাকা শিশু আয়লান কুর্দির নিথর দেহের ছবি ছাপে)। শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাজ্য এর পূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হলে ওই রকম আরও মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটবে বলে চিঠিতে মন্তব্য করা হয়।

তাঁরা বলেন, জার্মানি যখন লাখ লাখ শরণার্থীকে সাহায্য দিচ্ছে, তখন যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মাত্র কয়েক হাজার শরণার্থীকে। ইইউ দেশগুলোর সঙ্গে মিলে সমানুপাতিক হারে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ক্যামেরনের প্রতি আহ্বান জানান তাঁরা।

শিশু আয়লানের মৃতদেহের ছবি ইউরোপীয় দেশগুলোর মানবিকতাবোধকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। এরই ধারাবাহিকতায় টিউলিপসহ তিন এমপি ক্যামেরনের কাছে এই চিঠি লিখলেন। নানামুখী সমালোচনার চাপে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার কয়েক হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন।