ডেম গ্র্যান্ড ক্রস উপাধি পেলেন ক্যামিলা
রাজপরিবারের সদস্য হলেও অনেক সমালোচকই তাঁকে রাজপরিবারের একজন ভাবতে নারাজ। আর প্রয়াত প্রিন্সেস ডায়ানার ভক্তদের কাছে তিনি তো রীতিমতো চক্ষুশূল।তবে সব বিতর্ক ছাপিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সুদৃষ্টি তিনি ঠিকই আদায় করে নিতে সক্ষম হয়েছেন। তিনি হলেন ক্যামিলা পার্কার।রানির বড় ছেলে প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে (৬৪) ডেম গ্র্যান্ড ক্রস উপাধিতে ভূষিত করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এটি রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের আওতায় নারীদের জন্য সর্বোচ্চ সম্মান। রাজপরিবারে ব্যক্তিগত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই উপাধি দেওয়া হয়।বাকিংহাম প্রাসাদ সূত্র জানায়, গতকাল সোমবার ক্যামিলা পার্কারকে বিরল এই সম্মানের অধিকারী ঘোষণা করা হয়। পুত্রবধূকে রানি দ্বিতীয় এলিজাবেথের এটি একান্ত ‘ব্যক্তিগত’ উপহার হলেও এর তাৎপর্য অনেক।প্রিন্স চার্লস ও ক্যামিলার সপ্তম বিবাহবার্ষিকীর দিনে এই ঘোষণা এল। দীর্ঘ প্রণয়ের পর ২০০৫ সালের ৯ এপ্রিল চার্লস ও ক্যামিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নানা বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও প্রিন্স চার্লসের সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় নয় বছর পর দুজনে বিয়ে করেন।মহারানি ভিক্টোরিয়া ১৮৯৬ সালে রাজকীয় পরিষেবার জন্য ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যক্তিকে নানা ধরনের উপাধি দেওয়ার এই রীতি চালু করেন। এই উপাধি ঘোষণার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সুপারিশ বা অনুমোদনের প্রয়োজন হয় না। রানি স্বাধীনভাবেই এই উপাধি ঘোষণা করতে পারেন।রানি দ্বিতীয় এলিজাবেথের এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিতর্কের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা কখনো যুক্তরাজ্যের ‘রানি’ হতে পারবেন কি না, এ নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলে আসছে। ক্যামিলাকে সর্বোচ্চ নারীর পদমর্যাদার অধিকারী ঘোষণার পর এই বিতর্কের অনেকটাই অবসান হয়েছে। ভবিষ্যতে প্রিন্স চার্লস রাজা হিসেবে শপথ নিলে ক্যামিলাই রানি হতে চলেছেন—এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। দ্য টেলিগ্রাফ।