ড্রোন হামলা অনুমোদনের কথা আবার অস্বীকার করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অনুমোদন দেওয়ার কথা আবারও অস্বীকার করল পাকিস্তান। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকার কমিটির এক সভায় প্রকাশিত এক প্রতিবেদনে ড্রোন হামলায় পাকিস্তান সরকারের অনুমোদন ছিল বলে উল্লেখ করা হয়। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ খান এ অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের দূত বেন এমারসন অধিকার কমিটির সভায় জঙ্গিবাদ দমনে মার্কিন ড্রোন হামলা বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে কথিত ‘তথ্যপ্রমাণাদির ভিত্তিতে’ দাবি করা হয় ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের মাটিতে চালানো যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় দেশটির সামরিক ও গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুমোদন ছিল। ক্ষেত্রবিশেষে তাঁরা এসব হামলায় সহায়তা করেছেন। আবার অনেক ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও অনুমোদন ছিল।

জাতিসংঘ দূতের প্রতিবেদনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বলেন, পাকিস্তান সুস্পষ্টভাবে বা আকারে-ইঙ্গিতে কোনোভাবেই ড্রোন হামলার অনুমোদন দেয়নি। ড্রোন হামলায় সাধারণ মানুষের হতাহতের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন নয় বলে বেন এমারসনের প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে অসম্মতি প্রকাশ করেন পাকিস্তানের দূত।

এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভির হুসেন জানিয়েছেন, তাঁদের ড্রোন গুলি করে ভূপাতিত করার ক্ষমতা আছে, তবে বর্তমানে এটি করা ঠিক হবে না। শুক্রবার বেতারভিত্তিক সামরিক যোগাযোগ যন্ত্রপাতি তৈরির একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

চলতি সপ্তাহেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। পিটিআই।