ড্রোন হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রোন
ড্রোন

জাতিসংঘ হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ‘বৈশ্বিক পুলিশি’ কার্যক্রমের নামে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। অদূর ভবিষ্যতে আরও রাষ্ট্র ও সন্ত্রাসবাদী সংগঠনগুলো ড্রোন ব্যবহারে উৎসাহী হয়ে উঠবে।
বিচার-বহির্ভূত ও নির্বিচার হত্যাকাণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টফ হেইনস নিরাপত্তা পরিষদে এ বিষয়ে এক প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে ড্রোন ব্যবহারকারী কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের নামে নিয়মিত-ভাবে পাকিস্তান, ইয়েমেনসহ অন্যান্য দেশে ড্রোন হামলা চালিয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রগুলোর ব্যাপক হারে সশস্ত্র ড্রোনের ব্যবহার চ্যালেঞ্জ করা না হলে তা বিশ্ব নিরাপত্তার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে। এটি এমন নজির সৃষ্টি করবে, যা দীর্ঘ মেয়াদে বিশ্বজুড়ে মানুষের জীবন হুমকির মুখে ফেলবে। প্রতিবেদনটির ওপর ২৫ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আন্তর্জাতিক আইন অমান্য না করে বরং তা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, ড্রোন হামলা তার নিরাপত্তার জন্য অপরিহার্য।
৪০০ বেসামরিক মৃত্যু: পাকিস্তান বলেছে, দেশটিতে গত এক দশকে মার্কিন ড্রোন হামলায় অন্তত দুই হাজার ২০০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনই বেসামরিক নাগরিক। গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত বেন এমারসন এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় এ পর্যন্ত কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এ-সংক্রান্ত তথ্য প্রকাশের জন্যও আহ্বান জানিয়েছেন এমারসন। তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে নিশ্চিত করা হয়েছে, দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় ২০০৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৩০ বার ড্রোন হামলা চালানো হয়েছে।
সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় বিশেষ দূত এমারসন বলেন, পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় দুই হাজার ২০০ জন নিহত হয়। রয়টার্স।