যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের সেনাপ্রধান
ড্রোন হামলা দুই দেশের সম্পর্ক হুমকির মুখে ঠেলে দিয়েছে
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি বলেছেন, পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা দুই দেশের সম্পর্ককে নতুন করে হুমকির মুখে ঠেলে দিয়েছে। পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) হামলায় ৪১ জন নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।ইসলামাবাদ ইতিমধ্যেই ওই হামলার জন্য ওয়াশিংটনকে ক্ষমা চাইতে বলেছে এবং হামলার ব্যাখা দাবি করেছে।জেনারেল কায়ানি হামলার তীব্র নিন্দা করে বলেন, এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা যুক্তরাষ্ট্রের অসতর্কতা ও খামখেয়ালির ফসল। যাঁদের ওপর হামলা চালানো হয়েছে তাঁরা সবাই শান্তিপ্রিয় এবং ওই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাঁরা জিগরা বা স্থানীয় পরিষদের সদস্য। জেনারেল কায়ানি বলেন, সব কিছুর ঊর্ধ্বে পাকিস্তানের জনগণের নিরাপত্তা। এ ধরনের সহিংসতা চলতে থাকলে তাঁরা সন্ত্রাস দমন অভিযান থেকে মুখ ফিরিয়ে নেবেন।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ওই হামলার কঠোর নিন্দা করেছেন।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি একই ধরনের মনোভাব ব্যক্ত করে বলেন, ‘ওই হামলা চরমপন্থীদেরই হাত শক্তিশালী করবে। যৌথভাবে আমরা যে সন্ত্রাস নির্মূল অভিযান পরিচালনা করছি সেটাকে ক্ষতিগ্রস্ত করবে।’সন্ত্রাসবিরোধী অভিযানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায়প্রায়শই বেসামরিক লোকের প্রাণহানি ঘটছে, যা পাকিস্তানে ব্যাপক ক্ষোভের কারণ।পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ্ অঞ্চলের ৪০ কিলোমিটার পশ্চিমে দাত্তা খেল শহরে জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান উপজাতি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নিরাপত্তা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া বাড়িটি জঙ্গিরা প্রশিক্ষণ শিবির এবং মিলিত হওয়ার একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করত। উল্লেখ্য, এই দাত্তা খেল শহর লক্ষ্য করে মাঝে মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে। শহরটি তালেবান নেতা ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট হাফিজ গুল বাহাদুরের শক্ত ঘাঁটি বলে ধারণা করা হয়। এর আগের দিন গত বুধবারও দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়। মার্কিন নাগরিক রেমন্ড উইলিয়ামকে হত্যার অভিযোগ থেকে পাকিস্তানের একটি আদালত অব্যাহতি দেওয়ার পরের দিনই ওই হামলা চালানো হয়। পিটিআই, এএফপি।