ড্রোন হামলা বৈধ: যুক্তরাষ্ট্র

পাকিস্তান ও ইয়েমেনে চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে বৈধ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সমালোচনার পরিপ্রেক্ষিতে দেশটি বলেছে, ড্রোন হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানতে তারা ‘বিশেষ সতর্কতা’ গ্রহণ করে থাকে।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি মঙ্গলবার জানান, ওয়াশিংটন মানবাধিকার সংগঠন দুটির প্রতিবেদনগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের বিপরীতে কাজ করেছে বলে প্রতিবেদনগুলোতে যে দাবি করা হয়েছে, তার সঙ্গে আমরা শক্তভাবে ভিন্নমত পোষণ করছি। আমরা সব আইনের সঙ্গে সঙ্গতি রেখে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ করে থাকি। এ বিষয়ে বিশেষ সতর্কতা গ্রহণ করার জন্য সরকার বরাবরই গুরুত্বারোপ করে থাকে।’
এক ব্রিফিংয়ে জে কারনি বলেন, ‘ড্রোন হামলা আইনসঙ্গত এবং কার্যকর।’
হোয়াইট হাউসের দাবি, সন্দেহভাজন সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় নির্দোষ মানুষের প্রাণহানির আশঙ্কা কম।
দুটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছে এবং এসব ‘বেআইনি’ হামলার জন্য মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, আল-কায়েদা এবং তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ড্রোন। এতে তুলনামূলকভাবে ক্ষতি কম। বিবিসি।