ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণাই বাড়াবে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খান বলেছেন, পাকিস্তানে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলা যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানিদের ঘৃণার মনোভাবই বাড়াবে। গতকাল রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে টঙ্ক এলাকার জাহাজ গ্রাউন্ডে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।সরকারি বাধার কারণে দক্ষিণ ওয়াজিরিস্তানে পৌঁছাতে পারেননি ইমরান। গতকাল লংমার্চের দ্বিতীয় ও শেষ দিনে ইমরানের গাড়িবহর টঙ্ক এলাকায় পৌঁছালে তাঁকে আর এগোতে দেওয়া হয়নি। পরে স্থানীয় জাহাজ গ্রাউন্ডে সমাবেশ করার সিদ্ধান্ত নেন ইমরান।টঙ্ক এলাকায় পৌঁছার পথে বিভিন্ন স্থানে বক্তৃতায় ইমরান বলেন, ‘আমাদের অভিযান ইতিমধ্যে সফল হয়েছে। আপনাদের কথা গোটা বিশ্বে পৌঁছে গেছে।’দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে গত শনিবার ইসলামাবাদ থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানমুখী দুই দিনের লংমার্চ শুরু করেন ইমরান। গতকাল অবশ্য বিভিন্ন গণমাধ্যমে তাঁর লংমার্চকে ‘শান্তি মিছিল’ বলে উল্লেখ করা হয়।ইমরানের এই শান্তি মিছিলে দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্তত ৮০ জন যুদ্ধবিরোধী কর্মী অংশ নেন। সরকার নিরাপত্তাহীনতার আশঙ্কা করে ইমরানকে এই কর্মসূচি বাদ দেওয়ার নির্দেশ দিলে তিনি তা মানেননি।ইমরানের নেতৃত্বে শান্তি মিছিল গত শনিবার সন্ধ্যায় দেরা ইসমাইল খান এলাকায় পৌঁছায়। সেখানে রাত যাপনের পর গতকাল সকালে মিছিল ওয়াজিরিস্তানের দিকে যাত্রা করে। পথে মঞ্জিখেল তল্লাশি চৌকির কাছে মিছিলে বাধা দিতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় বড় কনটেইনার ফেলে রাখে। পরে অজ্ঞাত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তা সরিয়ে ফেলেন। এ সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। ইমরানের নেতা-কর্মীরা কনটেইনার লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। তবে তা সংঘর্ষে রূপ নেয়নি। এরপর তাঁরা দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে টঙ্ক এলাকায় পৌঁছান। শান্তি মিছিলের নিরাপত্তার কথা বিবেচনা করে টঙ্ক এলাকায়ও নির্দিষ্ট সময়ের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়। টঙ্কে প্রায় ১৫ হাজার মানুষ ইমরানকে স্বাগত জানায়।শান্তি মিছিলে অংশ নেওয়া ছাত্র ফখরুদ্দীন সিনওয়ারি বলেন, ‘আমার দেশের জনগণের কাছে আমার যাওয়ার অধিকার রয়েছে।’ তিনি অভিযোগ করেন, পাকিস্তান সরকার উপজাতি অধ্যুষিত এই অঞ্চলের আসল পরিস্থিতি লুকানোর চেষ্টা করছে।টঙ্ক থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে ইমরান স্থানীয় জাহাজ গ্রাউন্ডে সমাবেশ করার সিদ্ধান্ত নেন।ইমরানের শান্তি মিছিল গত শনিবার দেরা ইসমাইল খান এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন এলাকার নিরাপত্তা জোরদার করে। দেরা ইসমাইল খানের সরকারি শীর্ষপর্যায়ের কর্মকর্তা সোহেল খালিদ বলেন, ইমরান খানের শান্তি মিছিলে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। এএফপি, জিও টিভি, ডন।