ড্রোন হামলায় আল-শাবাবের দুই শীর্ষ নেতা নিহত
দক্ষিণ সোমালিয়ায় গতকাল সোমবার একটি ড্রোন হামলায় ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাবের দুজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। উত্তর আফ্রিকার অন্যতম জঙ্গি সংগঠন আল-শাবাবের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সংশ্লিষ্টতা আছে।
স্থানীয় সূত্র জানায়, আল-শাবাবের দুই কমান্ডার গাড়িতে জঙ্গিনিয়ন্ত্রিত জিলিব ও বারাওয়ি শহরের মধ্যে যাতায়াত করছিলেন। ড্রোন হামলায় তাঁদের গাড়িটি ধ্বংস হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, নিহত দুই নেতার একজন আল-শাবাবের বিস্ফোরক বিশেষজ্ঞ। তিনি আনতা নামে পরিচিত ছিলেন। জিলিব শহরের বাসিন্দা হাসান নূর বলেন, বিকেলে তিনি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেখতে পান একটি ড্রোন উড়ে চলে যাচ্ছে এবং রাস্তায় একটি সুজুকি গাড়িতে আগুন জ্বলছে। এরপর আল-শাবাবের অনেক সদস্য সেই স্থানে আসেন। হাসান নূর আরও জানান, ড্রোন থেকে শুধু একটি সুজুকি গাড়ির ওপর হামলা চালানো হয়।
এদিকে কেনিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন, সোমালিয়ায় মোতায়েন তাঁদের সেনারা জিলিব শহরে অভিযান চালিয়েছে। তাই আরও হতাহতের আশঙ্কা আছে।
গত মাসে কেনিয়ার রাজধানীতে অবস্থিত ওয়েস্টগেট বিপণিবিতানে আল-শাবাবের হামলায় ৬৭ জন নিহত হন। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের কমান্ডোরা সোমালিয়ায় অভিযান চালায়। তাদের ওই অভিযানের লক্ষ্য ছিল আল-শাবাব নেতা আবদুকাদির মোহাম্মদ আবদুকাদিরকে (ইকরিমা) আটক করা। কিন্তু শক্তিশালী প্রতিরোধের মুখে তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। বারাওয়ি শহরের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইকরিমা আল-শাবাবের সরবরাহের জন্য কাজ করেন। আর সব সময় ২০ জন সশস্ত্র রক্ষী তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত সোমালিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। জিবুতিতে সোমালিয়া সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি আছে। বিবিসি ও রয়টার্স।