ড্রোন হামলায় পাকিস্তানের তালেবান প্রধান নিহত!
পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ গতকাল শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, তালেবানপ্রধানের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। এমনকি তালেবানের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। এর আগেও বেশ কয়েকবার হাকিমুল্লাহ মেহসুদের নিহত হওয়ার খবর চাউর হয়েছিল। তবে গতকালের ঘটনাটি নিশ্চিত করেছেন গোয়েন্দা ও সেনা কর্মকর্তারা। এমনকি কয়েকটি জঙ্গি সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত যে ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।’
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মেহসুদ আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের একটি মসজিদে বৈঠক করেন। মসজিদটি ওয়াজিরিস্তানের প্রধান নগর মিরামশাহ থেকে পাঁচ কিলোমিটার দূরে দান্দে দারপাখেল এলাকায় অবস্থিত। সেখানে বৈঠক শেষে দলবল নিয়ে গাড়িতে করে ফিরে যাওয়ার সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ড্রোন। এতে হাকিমুল্লাহ মেহসুদ ছাড়াও তালেবান কমান্ডার আবদুল্লাহ বাহার মেহসুদ, তারিক মেহসুদসহ পাঁচ জঙ্গি নিহত হন। আহত হন কমপক্ষে দুজন।
স্থানীয় তালেবান সদস্যরা জানান, আজ শনিবার উত্তর ওয়াজিরিস্তানের অজ্ঞাত স্থানে হাকিমুল্লাহ মেহসুদের জানাজা অনুষ্ঠিত হবে। ডন, রয়টার্স ও এএফপি।