ড্রোন হামলার গোপন নথি কংগ্রেসকে দেবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা চালিয়ে নিজ দেশের নাগরিক হত্যার পক্ষে যুক্তিসংক্রান্ত গোপন নথি আইনপ্রণেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ওবামা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত মার্কিন নাগরিকদের ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে।মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে জন ব্রেসনানের নিয়োগ সিনেটে অনুমোদনের জন্য শুনানির ঠিক আগে ওবামা গত বুধবার তাঁর এই সিদ্ধান্তের কথা প্রকাশ করলেন।সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অংশ হিসেবে ইয়েমেনের মতো কয়েকটি দেশে আল-কায়েদার ঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকজন মার্কিন নাগরিককে হত্যার ঘটনা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ। মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয়। এরপর ওবামা তাঁর সিদ্ধান্তের কথা জানালেন। তবে ওবামা প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ওবামা ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়ে কংগ্রেসের সঙ্গে পরামর্শের অঙ্গীকার থেকে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। ওবামা মনে করেন, কংগ্রেসে আলোচনার মাধ্যমে আইনি কাঠামো টেকসই করা সম্ভব হবে, যাতে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা আরও সফল হবে।২০১১ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি ও সামির খান। এই দুজনই মার্কিন নাগরিক ছিলেন। তাঁদের বিরুদ্ধে কখনোই কোনো অপরাধের অভিযোগ তোলা হয়নি। এএফপি ও বিবিসি।