
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল শুক্রবার বলেছেন, তাঁর সরকার ড্রোন হামলার নিন্দা করার বিষয়টিকে হালকাভাবে নেয়নি, বরং বিষয়টি সব ফোরামেই তুলেছে। প্রচারমাধ্যমে ওঠা অভিযোগ নাকচ করে দিয়ে তিনি এ কথা বলেন।
নওয়াজ শরিফ এক ভাষণে বলেন, ড্রোন হামলার ব্যাপারে তাঁর দেশের কোনো দ্বৈত নীতি নেই। এ বিষয়ে তাঁরা আন্তরিকভাবেই যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ করেছেন। তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবর এ ভুল ধারণা দিয়েছে যে সরকার এ বিষয়ে আন্তরিক নয়।
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বৃহস্পতিবার ড্রোন হামলার জন্য নওয়াজ সরকারের তীব্র সমালোচনা করেন।
ড্রোন হামলার স্থান নিয়ে বিতর্ক: গত বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে ড্রোন হামলার স্থান নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিতর্ক সৃষ্টি হয়েছে। হাঙ্গু জেলার একটি মাদ্রাসা প্রাঙ্গণে চালানো ওই হামলায় জঙ্গি সংগঠন হাক্কানির দুই সদস্যসহ ছয়জন নিহত হয়। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, একটি মাদ্রাসা লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা মাদ্রাসায় হামলার কথা অস্বীকার করে বলেছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল হাক্কানির ব্যবহূত অবকাঠামো। ডন ও ওয়াশিংটন পোস্ট।