
মার্কিন ড্রোন (মানুষবিহীন বিমান) হামলার ফলে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনবিষয়ক সংকটের সমাধান শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পথে গত বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হোয়াইট হাউসে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্ত বৈঠক করেন নওয়াজ শরিফ। বৈঠকে পাকিস্তানে ড্রোন হামলা, আফগান শান্তি প্রক্রিয়া ও কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নওয়াজ লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, পাকিস্তানের জনগণের চাওয়ার মতো করেই শিগগিরই ড্রোন ইস্যুর সমাধান হবে। আমি মনে করি, এখন যেকোনোভাবেই হোক এই বিষয়টির একটি সুরাহা হবে।’
যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সার্বিকভাবে জানাতে গিয়ে নওয়াজ বলেন, ‘আমরা সব ইস্যু নিয়েই আলোচনা করেছি। আমার মতে, এর আগেই সব ইস্যু নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। যা হোক, আমরা সবকিছু নিয়েই কাজ করব। আমি মনে করি, পাকিস্তানের রাজনীতিকে শঠতা ও ভণ্ডামি থেকে বেরিয়ে আসা উচিত।’
মার্কিন ড্রোন হামলা কিছু ক্ষেত্রে যুদ্ধাপরাধের শামিল—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এ মন্তব্য সম্পর্কে নওয়াজ বলেন, ‘এটা যারা বলেছে, তাদের নিজেদের বিষয়। আমি ড্রোন হামলার বিষয়টি সরাসরি আলোচনা করেছি। সরাসরি আলোচনার আলাদা গুরুত্ব আছে।’
আফিয়া ও শাকিল আফ্রিদির বিষয়ে আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আফিয়া সিদ্দিকীর বিষয়ে নওয়াজ শরিফের সঙ্গে কোনো আলোচনা করেননি মার্কিন নেতারা। তবে একটি বৈঠকে এই প্রসঙ্গ তুলেছিলেন নওয়াজ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা মনে করি এ বিষয়ে আলোচনার সুযোগ নেই।’
আফগানিস্তানে মার্কিন সেনাসদস্যদের ওপর হামলার অভিযোগে আফিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাকিল আফ্রিদিকে নিয়েও নওয়াজের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি মার্কিন নেতাদের। তবে ওয়াশিংটনে নওয়াজের সফরসঙ্গী পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষকে ওসামা বিন লাদেনের অবস্থান জানিয়ে দেওয়া শাকিলের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সঙ্গে পকিস্তানের প্রতিনিধিদলের বৈঠকের পর জলিল এ কথা বলেন। ডন।