ড্রোন হামলায় তালেবান নেতা নিহত!
পাকিস্তানের তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। দেশটির চার গোয়েন্দা কর্মকর্তা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, পাকিস্তানি তালেবান যোদ্ধাদের ওয়্যারলেস রেডিওর কথোপকথন থেকে জানা যায়, তাদের নেতা মেহসুদ নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় হামলায় নিহত হন তিনি। পাকিস্তানের ওই গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ‘ছয় থেকে সাতজন তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য নিজেদের মধ্যে ওয়্যারলেস রেডিওর মাধ্যমে কথা বলছিলেন। তাদের ওই আলোচনায় আমরা শুনতে পাই, মিরনশাহর কাছে একটি বৈঠকে যাওয়ার সময় মার্কিন চালকবিহীন বিমান হামলার শিকার হন মেহসুদ।’ তালেবান যোদ্ধারা মেহসুদকে সাংকেতিক নামে ডাকছিল বলে উল্লেখ করেন গোয়েন্দারা। তবে তারা সেই সাংকেতিক নাম প্রকাশ করেনি। তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, তালিকাভুক্ত জঙ্গি হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ব্যাপারে তাঁদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। পাকিস্তানের তালেবান জঙ্গিরা মেহসুদ নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। টিটিপির মুখপাত্র ইসানুল্লাহ ইসান এক বিবৃতিতে বলেন, ‘তাঁর নিহত হওয়া-সংক্রান্ত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। তবে তিনি একজন মানুষ। যেকোনো সময় মারা যেতে পারেন। তিনি একজন মহান যোদ্ধা এবং তিনি শহীদ হবেন এমনটাই আমরা কামনা করি।’ টাইমস অব ইন্ডিয়া।