ঢাবি বায়োকেমিস্টদের পদচারণে মুখরিত টরন্টো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্টদের পদচারণে মুখরিত হলো টরন্টো। ২ জুলাই টরন্টোয় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটদের বার্ষিক সম্মেলন। কানাডা প্রতিষ্ঠার দেড় শ বছর পূর্তি উপলক্ষে চারদিকে সাজসাজ রব, ঠিক তখনই অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতক ও তাঁদের পরিবারের সদস্যদের মিলনমেলা।
ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট অ্যালামনাই ইন নর্থ আমেরিকা বা ডুবানা প্রতিবছর বিভিন্ন শহরে আয়োজন করে থাকে এই পুনর্মিলনী। আর এবারের স্বাগতিক শহর ছিল টরন্টো। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের নিজেদের মধ্যে বন্ধন গাঢ় করার উদ্দেশ্য নিয়ে আয়োজন। তবে এবারের সম্মেলনে আলোকপাত করা হয় নতুন বাংলাদেশি ইমিগ্র্যান্টদের আমেরিকা ও কানাডায় সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য করণীয় বিষয় নিয়ে।
স্কারবোরোর গ্র্যান্ড প্যালেস ব্যাংকুয়েট হলে দিনব্যাপী অনুষ্ঠিত এই মিলনমেলায় ডুবানা আয়োজন করেছিল সায়েন্টিফিক ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার এবং সাংস্কৃতিক সন্ধ্যা। আমেরিকা, ইতালি, কাতার, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষক ও শিক্ষাবিদেরা এই অনুষ্ঠানে এসে তাঁদের জীবনের সফলতার কথা, প্রবাসজীবনে তাঁদের সংগ্রামের কথা, সাম্প্রতিক সময়ে তাঁদের গবেষণার বিষয় নিয়ে আলোকপাত করেন। সায়েন্টিফিক সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শওকত আনোয়ার। ওই সেমিনারে নিজের গবেষণাগারের চিত্র তুলে ধরেন টেক্সাস এ অ্যান্ড এম হেলথ সায়েন্স সেন্টারের সহযোগী অধ্যাপক এম নাসির উদ্দিন। এ ছাড়া নিজেদের সাম্প্রতিক গবেষণাকর্ম তুলে ধরেন রুবায়েত হাসান, মনসুর আলী, আশরাফুজ্জামান রিয়াদ, সাজিয়া শারমিন, মহিউদ্দিন সাগর, মোসাদ্দেক আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। ‘ক্যারিয়ার’ শীর্ষক আলোচনায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফ, মোশারফ খান, নাসির উদ্দিন ও ইসতিয়াক উদ্দিন আহমেদ।
সেমিনারটি সঞ্চালনা করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের গবেষক সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যার সম্পাদনার দায়িত্বে ছিলেন মাহমুদুর রহমান ও সুব্রত চৌধুরী।
এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে আসা গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট্রির একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ওই দলের প্রতিনিধিত্ব করেন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রকিব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুনবী ও কাজী সাইফুল ইসলাম।
সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য ও গীত, অভিনয় পরিবেশন করেন আমেরিকা ও কানাডার বিভিন্ন শহর থেকে আসা শিল্পীরা। তাঁদের মনোমুগ্ধকর পারফরম্যান্সে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাত ১২টায়। পরের বছর এই পুনর্মিলনী নিউইয়র্কে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ডুবানার সভাপতি এম নাসির উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ আরিফ।
সফল এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টরন্টো সেনেকা কলেজের অধ্যাপক সীমা গুলশান, উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা নাসরিন, আহ্বায়ক ছিলেন মোশারফ খান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইশতিয়াক উদ্দিন আহমেদ।