
শিশু-কিশোরদের শিক্ষার অধিকার নিশ্চিত করার সংগ্রাম ছিল একজনের। অন্যজনের শিশু-কিশোরদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের। দুজনের চেষ্টা দুই ধারার, কিন্তু উদ্দেশ্য অভিন্ন। সেটা দুর্বল ও নিপীড়িতের অধিকার আদায়ের সংগ্রাম। নিরন্তর এ সংগ্রাম চালিয়ে যাওয়ারই শপথ নিলেন তাঁরা।
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন গতকাল বুধবার। নরওয়ের অসলো টাউন হলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
শান্তি পুরস্কার ভাগাভাগি করে নেওয়া পাকিস্তান আর ভারতের এ দুই বিজয়ীকে ‘শান্তির চ্যাম্পিয়ন’ বলে অভিহিত করেছে নোবেল কমিটি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা তার আশার কথা জানিয়ে বলেছে, দেশের সেবা করার জন্য রাজনীতিই যদি সর্বোত্তম পন্থা হয়ে থাকে, তবে পেশা হিসেবে এটিই বেছে নেবে সে।
অনুষ্ঠানে নরওয়ের নোবেল কমিটির প্রধান থরবর্ন জাগল্যান্ডের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মালালা ও কৈলাস। গতকাল স্থানীয় সময় বেলা একটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে নরওয়ের রাজা হ্যারল্ড ভিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পদক তুলে দেওয়ার আগে জাগল্যান্ড মালালা ও কৈলাসের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘জ্ঞান দিয়েই শাণিত হয় গণতন্ত্র ও মুক্তির পথ।’ এরপর কাওয়ালি পরিবেশন করেন শিল্পীরা। প্রথমে কৈলাস ও পরে মালালাকে পদক গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এ সময় অতিথিরা দাঁড়িয়ে ও করতালি দিয়ে অভিনন্দিত করেন তাঁদের। পদক গ্রহণ শেষে মালালা ও কৈলাস নোবেল বক্তৃতা দেন।
বক্তৃতায় কৈলাস বলেন, সমাজে যাদের পক্ষে কথা বলার কেউ নেই, পেছনে পড়ে থাকা সেই সব লাখো শিশুর প্রতিনিধিত্বই তিনি এ অনুষ্ঠানে করছেন। ওই সব শিশুকে উপলক্ষ করে অনুষ্ঠানে একটি চেয়ার খালি রাখতে বলেন তিনি। সেই মতো একটি চেয়ার খালি রাখা হয়। বক্তৃতার শেষ পর্যায়ে তিনি সমবেত সবাইকে বুকের বাঁ পাশে হাত রেখে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করার অনুরোধ করেন। তাঁর অনুরোধে সাড়া দেন সবাই। তখন কৈলাস বলেন, ‘প্রত্যেকের মধ্যে একটি শিশু আছে। তাকে অনুভব করার চেষ্টা করুন।’
অপর দিকে বক্তৃতায় মালালা বলে, ‘আজ আমি এই মঞ্চে দাঁড়িয়েছি বিস্মৃত হয়ে যাওয়া ও ভীতসন্ত্রস্ত শিশুদের অধিকার আদায়ে। তাদের প্রতি করুণা নয়, বরং তাদের কণ্ঠকেই তুলে ধরতে। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার, যাতে শিক্ষার অধিকার থেকে আর কোনো বঞ্চিত শিশুকে দেখতে না হয়।’
নোবেল পুরস্কার শুধু তার একার নয় উল্লেখ করে মালালা আরও বলে, ‘এটা লোকচক্ষু থেকে হারিয়ে যাওয়া ওই সব শিশুর জন্য, যারা পড়াশোনা করতে চায়। এটা আতঙ্কগ্রস্ত ওই শিশুদের জন্য, যারা শান্তি চায়। এটা ওই নির্বাক শিশুদের জন্য, যারা পরিবর্তন চায়।’
কৈলাস বক্তৃতা শেষ করেন ‘লেট আস মার্চ’ (চলুন আমরা এগিয়ে যাই) বলে। আর মালালার শেষ কথা, ‘লেট আস বিগিন টুডে’ (আসুন আজ আমরা শুরু করি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটা মুহূর্ত এমন এসেছিল, যখন আভিজাত্যে ভরা অসলো টাউন হলটি ভরে উঠেছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সেরা সুরের মূর্ছনায়; শান্তির রাগ আর কাওয়ালির ছন্দে। কিন্তু এ সবই ছাপিয়ে অনুরণিত হয়ে ওঠে দুই নোবেল বিজয়ীর কথামালা।
পদকের পাশাপাশি দুজনই পুরস্কারের অর্থমূল্য ১৪ লাখ ডলার ভাগাভাগি করে নিয়েছেন।
এদিকে নোবেল পুরস্কারের কোনো অনুষ্ঠানে ইতিপূর্বে এ রকম উচ্ছ্বসিত সংবর্ধনা দেওয়ার ঘটনা আর ঘটেনি। এত সাংবাদিককেও কখনো একত্র হতে দেখা যায়নি। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকেরা।
প্রেক্ষাপট: নারী ও শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে কাজ করার কারণে পাকিস্তানের তালেবানের চক্ষুঃশূলে পরিণত হয়েছিল মালালা। পরে ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের এক সদস্য তার মাথায় গুলি করে। সৌভাগ্যক্রমে বেঁচে ফিরে আসে মালালা।
অন্যদিকে মহাত্মা গান্ধীর আদর্শের অনুসারী ভারতের কৈলাস সত্যার্থী দীর্ঘদিন ধরে ‘বাচপান (শৈশব) বাঁচাও আন্দোলন’ নামে শিশু-অধিকার রক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
এ অবস্থায় চলতি বছর শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে যৌথভাবে মালালা ও কৈলাসের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ডও গড়েছে ১৭ বছর বয়সী মালালা।