উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর প্রভাবশালী ফুফা জং সং-থায়েকের দুই সহযোগীর মৃত্যুদণ্ড ঘোষণার সময় মাতাল ছিলেন। জাপানের একটি পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। সাজাপ্রাপ্ত ওই দুজন হলেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রশাসনিক বিভাগের প্রথম উপপরিচালক রি রাইয়ং-হা ও উপপরিচালক জং সু-গিল। লাভজনক ব্যবসা সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে কিমের নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় তাঁদের এই শাস্তি দেওয়া হয়। সম্প্রতি জং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্য টেলিগ্রাফ।
মাওবাদীরা রাজি
নেপালের সাংবিধানিক পরিষদে গতকাল মঙ্গলবার যোগদানের সিদ্ধান্ত নিয়েছে মাওবাদীরা। এর মধ্য দিয়ে এক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে বলে আশা করা হচ্ছে। মাওবাদীদের একজন জ্যেষ্ঠ নেতা জানান, নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে অন্যান্য রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেওয়ায় তারা নবগঠিত পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি।
আরও দুই অভিযোগ
মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বন্দী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মেয়েজামাই সুলাইমান আবু ঘেইথের বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ আনা হয়েছে। সুলাইমানকে (৪৮) গত ফেব্রুয়ারিতে জর্ডান থেকে গ্রেপ্তার করা হয়। ৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে তাঁর বিরুদ্ধে বিচার শুরুর কথা রয়েছে। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে জঙ্গিদের বস্তুগত সহায়তা দেওয়া ও এ ধরনের সহায়তা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন আল-কায়েদার সাবেক এই মুখপাত্র। এএফপি।
পশ্চিম ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বিরল প্রজাতির গন্ডার রক্ষায় অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এর বিস্তৃতি প্রায় পাঁচ হাজার ১০০ হেক্টর। ধারণা করা হচ্ছে, জাভা দ্বীপের ইউজাং কুলোন ন্যাশনাল পার্কে প্রায় ৫০টি বিরল প্রজাতির গন্ডার রয়েছে। একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় হাজার হাজার গন্ডার ছিল। অন্য প্রজাতির গন্ডারের মতোই জাভার গন্ডারের সংখ্যা দিন দিন কমছে। এএফপি।