তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিন: নওয়াজ
পাকিস্তানে অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার-প্রক্রিয়া থামিয়ে দেওয়া হলে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।নওয়াজ গতকাল লাহোরে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাঁর দল এরই মধ্যে ‘হোমওয়ার্ক’ (প্রাথমিক কাজ) করেছে। বিষয়টি নিয়ে সরকারের এখনই অগ্রসর হওয়া উচিত।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গত জানুয়ারি মাসে পিএমএল-এন-এর একটি প্রতিনিধিদল জামায়াতে ইসলামির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া গত সপ্তাহে পাকিস্তান মুসলিম লিগ-কায়দের প্রধান চৌধুরী সাজ্জাত হোসাইন তেহরিক-ই-মিনহাজুল কোরআনের প্রধান তাহির উল কাদরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা হয়। ডন।