পাকিস্তানের বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার সরকারি কর্মকর্তাদের নিয়োগ-বদলিসংক্রান্ত যেসব আদেশ দিয়েছিল তা স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, নির্ধারিত এখতিয়ারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার কোনো আদেশ দিতে পারে না। প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা খাজা আসিফ সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। গতকাল ওই রিটের শুনানি হয়। সুপ্রিম কোর্ট সংস্থাপনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সংশ্লিষ্ট নথিপত্র আজ বুধবারের মধ্যে আদালতে জমা দেওয়ার আদেশ দেন। এদিকে ‘সামরিক হস্তক্ষেপ চিরতরে বন্ধ করার স্বার্থে’ সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে সংবিধান লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করতে আদালতে আবেদন করা হয়েছে। জনৈক মৌলভি ইকবাল হায়দার মোশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে মামলা করেন। ডন ও জিয়ো টিভি।