তত্ত্বাবধায়ক-প্রধান হতে চান না আসমা জাহাঙ্গীর
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর বলেছেন, দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার তাঁর কোনো ইচ্ছা নেই। গতকাল শনিবার লাহোরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আসমা জাহাঙ্গীর বলেন, জনগণের নাম করে সুনির্দিষ্ট ব্যক্তিরা ক্ষমতায় আসেন। কিন্তু, ক্ষমতাসীন হওয়ার পরই তাঁদের চেহারা বদলে যায়। কয়েকটি নির্দিষ্ট মহল পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করলেও তিনি বলেন, নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।পাকিস্তানে গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়া উচিত বলে মন্তব্য করে আসমা জাহাঙ্গীর বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তার জন্য অতীতের সামরিক সরকারগুলো দায়ী। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারে অবসরপ্রাপ্ত বিচারপতিরা অংশ না নিলেই বিষয়টি ভালো হয়।গত মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানান, আসমা জাহাঙ্গীরকে তত্ত্বাবধায়ক সরকারের মনোনয়ন দেওয়া হলে তিনি এর বিরোধিতা করবেন।ওই সময়ইমরান খান বলেন, ‘নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আসমা জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেছে। আমরা এর বিরোধীতা করছি। কারণ, আসমা জাহাঙ্গীরের সঙ্গে ক্ষমতাসীন পিপিপির সম্পৃক্ততা রয়েছে।’ ডন।