তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে পাকিস্তানে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে গতকাল শুক্রবারও মতৈক্যে পৌঁছাতে পারেনি। আগামী ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা। এদিকে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ গতকাল আদালত থেকে জামিন পেয়েছেন।তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই করতে গঠিত সংসদীয় কমিটির সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই পক্ষের মধ্যে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা করছেন কমিটির সদস্যরা। তাঁরা বলেছেন, কমিটির সদস্যরাই এ সমস্যার সমাধান করতে পারেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রী দুজন এবং বিরোধীদলীয় নেতা আরও দুজনের নাম প্রস্তাব করবেন। এ চারজনের মধ্য থেকে কমিটির একজনকে বেছে নেওয়ার কথা। তবে সর্বসম্মত একটি নাম বাছাইয়ের জন্য গতকালই ছিল কমিটির জন্য সর্বশেষ সময়সীমা। এর মধ্যে কমিটি নাম বাছাই করতে না পারলে বিষয়টি চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। তখন নির্বাচন কমিশনই ঠিক করবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।গত সপ্তাহে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতার মেয়াদ পূর্ণ করে। এই ঐতিহাসিক ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ঠিক করতে পারেনি রাজনৈতিক দলগুলো। এরপর গঠন করা হয় সরকার ও বিরোধী দল উভয়পক্ষ থেকে চারজন করে মোট আট সদস্যের সংসদীয় কমিটি। তিন দিনের মধ্যে একটি নাম চূড়ান্ত করার কথা কমিটির। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কমিটি নাম চূড়ান্ত করতে পারেনি। গত বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এর পর থেকেই রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসে। বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান আজ শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানে বড় ধরনের সমাবেশের আয়োজন করেছেন।পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কাল রোববার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি আইনজীবীর মাধ্যমে সিন্ধু হাইকোর্টে জামিনের আবেদন করেন। গতকাল আদালত তাঁর নিরাপত্তামূলক জামিন মঞ্জুর করেন।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বেলুচিস্তানের সাবেক গভর্নর নওয়াব আকবর বুগতি হত্যা এবং ইসলামাবাদের লাল মসজিদে অভিযান চালানোর জন্য মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে স্বেচ্ছানির্বাসনে লন্ডন ও দুবাইয়ে বসবাস করছেন। ড্রোন হামলায় নিহত ৪: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় চালকবিহীন মার্কিন বিমানের (ড্রোন) হামলায় গত বৃহস্পতিবার রাতে চারজন নিহত হয়েছে। একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল এলাকায় সিআইএ পরিচালিত গোয়েন্দা বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এএফপি, হিন্দুস্তান টাইমস ও পিটিআই।