তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের অধীনে নির্বাচনের দাবি করলেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ একজন তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের অধীনে দেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। পুলিশ বাহিনী গত শনিবার জোর করে প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করে দেওয়ার এক দিন পর গতকাল রোববার তিনি এ দাবি জানান। নাশিদ এ নির্বাচনে জয়ী হতেন বলে ধারণা করা হচ্ছিল।
রাজধানী মালেতে গতকাল সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ নাশিদ। তিনি এ সময় নির্বাচনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং সমর্থকদের প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাশিদ গতকাল মালেতে সাংবাদিকদের বলেন, বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে অবিলম্বে পদত্যাগ করে স্পিকারকে নতুন করে নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা মনে করি, ওয়াহিদের পদত্যাগ এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব পার্লামেন্টের স্পিকারের গ্রহণ করাই হবে একমাত্র দূরদর্শী পথ ও সংকটের সমাধান।’
পুলিশ দিয়ে শনিবারের নির্বাচন বন্ধ করে দেওয়াকে সরকারের তরফে দেশকে এক সাংবিধানিক সংকটে ফেলে দেওয়ার চেষ্টা বলেও অভিহিত করেন নাশিদ।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণের যুক্তি দিয়ে শনিবার ভোট গ্রহণ বন্ধ করে দেয় পুলিশ।
নাশিদ বলেন, ‘এটা সুস্পষ্ট যে তারাই (প্রেসিডেন্ট ওয়াহিদ ও পুলিশ) এ নির্বাচন বাধাগ্রস্ত করেছে। তারা যে খেলাটি খেলার চেষ্টা করছে তাও খুব স্পষ্ট। এ খেলা হলো দেশকে এক সাংবিধানিক শূন্যতায় নিয়ে যাওয়া এবং পরে ক্ষমতা দখল করা।’ প্রেসিডেন্ট ওয়াহিদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
মালদ্বীপে আগামী ১১ নভেম্বরের মধ্যে একজন নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এ সময়সীমা পূরণ করা কঠিন হবে।
গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশ বাহিনীর বিদ্রোহের পর মোহাম্মদ নাশিদ পদত্যাগে বাধ্য হন। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ সে সময় ছিলেন নাশিদের সহকারী। পরে নাশিদ বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে তাঁকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলেন। এএফপি।