ভারতে ১৯৮৪ সালে শিখদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এ দাবিতে গত শুক্রবার জেনেভায় জাতিসংঘ দপ্তরে একটি আবেদনপত্র দাখিল করা হয়েছে।
শিখদের দাবি, প্রায় ২৯ বছর আগে শিখ দেহরক্ষীর হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর সরকারি পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার শিখকে হত্যা করা হয়। সরকার এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, এটা ছিল জাতিগত দাঙ্গা।
আয়োজকেরা বলেছেন, ইউরোপ, উত্তর আমেরিকা, ভারত, হংকং ও অস্ট্রেলিয়ার অন্তত ১০ হাজার শিখ শুক্রবার জেনেভায় জাতিসংঘের দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন। তবে স্থানীয় পুলিশ বলেছে, এ সংখ্যা চার হাজার হবে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার-বিষয়ক সংগঠন শিখস ফর জাস্টিসের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শুক্রবার সকালে জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। দলটি ‘গণহত্যার’ ঘটনা তদন্তের দাবিতে ১০ লাখ মানুষের সই-সংবলিত একটি আবেদনপত্র কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
শিখস ফর জাস্টিসের নীতিবিষয়ক পরিচালক যতীন্দর সিং গ্রেওয়াল বলেছেন, আমরা মনে করি, ১৯৮৪ সালের নভেম্বরে ভারতে শিখদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে প্রকৃত সত্য বিশ্ববাসীর জানা দরকার।’ এএফপি।