জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করা না হলে সংশ্লিষ্ট দেশগুলোকে দেওয়া বেতনের অর্থ কেটে নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন।
মিশনগুলোতে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ জাতিসংঘকে বেকায়দায় ফেলেছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৫ সালে সবগুলো শান্তিরক্ষা মিশনে ৯৯টি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। কিন্তু ২০১৬ সালে তা বেড়ে ১৪৫টিতে দাঁড়িয়েছে। এসব অভিযোগের সবগুলোতেই নিপীড়নের শিকার হয়েছেন বেসামরিক মানুষ।
অভিযোগের হার বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, নিপীড়নের শিকার ব্যক্তিরা এখন আগের চেয়ে বেশি হারে অভিযোগ করছেন। মহাসচিব গুতেরেস বলেছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি ও দক্ষিণ সুদানে নিযুক্ত শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।