তদন্ত নিয়ে মালয়েশিয়ার সমালোচনা 'দায়িত্বহীন'
মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজের রহস্য সমাধানে কর্তৃপক্ষের তদন্ত নিয়ে চীনা যাত্রীদের স্বজনেরা ‘দায়িত্বহীন’ মতামত দিচ্ছেন। কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং হুইকাং গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন।
হুইকাংয়ের বরাত দিয়ে হংকংভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, কয়েকটি চীনা পরিবার, ইন্টারনেট ব্যবহারকারী এবং সুপরিচিত লোকজন নিজেদের কট্টর দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। এ ধরনের দায়িত্বহীন মতামত চীনের জনগণ এবং সরকারের অবস্থান প্রকাশ করে না।
এমএইচ৩৭০ ফ্লাইটটির যাত্রা ‘শেষ হয়েছে’ বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক যে বক্তব্য দিয়েছেন, তা সমর্থন করেছেন হুইকাং। তিনি বলেন, ‘ধ্বংস হয়েছে’ বা ‘হারিয়ে গেছে’ বলার পরিবর্তে উড়োজাহাজটির যাত্রা ‘শেষ হয়েছে’ শব্দগুচ্ছ ব্যবহারের মাধ্যমে অশুভ অর্থ এড়িয়ে যাওয়া হয়েছে।
‘রহস্য উদ্ঘাটনের আগে বিশ্রাম নয়’: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে বলেন, উড়োজাহাজটির নিখোঁজ রহস্য সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা বিশ্রাম নেবেন না। উড়োজাহাজের আরোহীদের আত্মীয়স্বজনকে স্বস্তি দিতে তাঁরা উত্তর খুঁজছেন।
যতই দিন গড়াচ্ছে ততই উড়োজাহাজটির সন্ধান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এটির ব্ল্যাক বক্সের সংকেত পাঠানোর ক্ষমতা থাকে মাত্র ৩০ দিন। সেই সময়সীমাও প্রায় শেষ হতে চলল। তবে আত্মবিশ্বাসী রাজাক বলেন, ‘যথাসময়ে এই রহস্যের একটা কিনারা হবে।’
অস্ট্রেলিয়া ইতিমধ্যে ওই অভিযানকে ‘মানবেতিহাসের সবচেয়ে কঠিন অনুসন্ধান’ আখ্যা দিয়েছে।
২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং রওনা হওয়ার কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি নিখোঁজ হয়। এটি ভারত মহাসাগরে ধ্বংস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পিটিআই ও এএফপি।