২০০৩ সালের ইরাক যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের আগে জনসমক্ষে প্রকাশ করা হবে না। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। খবর এএফপির।
জন চিলকটের নেতৃত্বে ২০০৯ সালে ওই তদন্ত শুরু করার ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক প্রতিবেদন ২০১০ সালে প্রকাশ করার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যে যোগাযোগের তথ্য প্রকাশের ব্যাপারে মতবিরোধ দেখা দেওয়ায় ওই প্রক্রিয়া বিলম্বিত হয়।
তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার বিষয়টি সমালোচিত হয়েছে। উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এক চিঠিতে ওই তদন্ত দলের প্রধানকে লিখেছেন, জনগণ যথেষ্ট সময় অপেক্ষা করেছে। প্রতিবেদনটি দ্রুত প্রকাশ না করার কারণটা তাদের কাছে দুর্বোধ্য মনে হবে। ইরাক যুদ্ধ নিয়ে তদন্ত হলে অতীতের অনেক বিষয়ের সমাধান হবে। নিক ক্লেগের এ চিঠির খবর ব্রিটিশ সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয়।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চলতি মাসের শুরুর দিকে বলেন, ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে বিলম্ব হওয়া অব্যাহত থাকায় তিনি ‘অত্যন্ত হতাশ’।
ইরাকে ২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন হামলার নায্যতা ও বৈধতা যাচাই করার পাশাপাশি, যুদ্ধের ধরন; ব্রিটিশ সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহ এবং হামলা-পরবর্তী বিশৃঙ্খলা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের অসন্তোষ ইত্যাদি বিষয় যাচাই করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে চিলকটের তদন্ত দলকে। এ ব্যাপারে প্রতিবেদন প্রকািশত হলে তা রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। এতে ব্লেয়ারের সমালোচনা থাকার সম্ভাবনাও বেশি। এ তদন্তকাজে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত এক কোটি ৩৬ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে।