তদন্ত প্রতিবেদনে হোয়াইট হাউসের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্রে দুর্ঘটনার তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনে হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করা হয়েছে। গত বুধবার জমা দেওয়া খসড়া প্রতিবেদনে বলা হয়, ওই দুর্ঘটনার খারাপ চিত্রটি জনগণের সামনে তুলে ধরতে সরকারি বিজ্ঞানীদের বাধা দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এই পরিবেশ বিপর্যয় মোকাবিলায় মার্কিন কর্মকর্তারা অনেক বেশি ইতিবাচক ছিলেন। তবে হোয়াইট হাউস তদন্ত কমিশনের এসব অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, তারা বিষয়টি নিয়ে জনগণের কাছে পরিষ্কার থেকেছে।ন্যাশনাল অয়েল স্পিল কমিশন নামের ওই কমিশনের প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ওই তেলক্ষেত্রে দুর্ঘটনার পর থেকে সাগরে তেল ছড়িয়ে পড়াসংক্রান্ত সব তথ্য সরাসরি নিয়ন্ত্রণ করেছে হোয়াইট হাউস। দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ প্রথম ১০ দিনে সরকারের উদ্যোগে ঘাটতি দেখা গেছে। আর কোস্টগার্ড কর্তৃপক্ষ অতিরিক্ত আশাবাদী ছিল, বিপি এই তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে পারবে। এতে সরকারি বিজ্ঞানীদেরও সমালোচনা করা হয়।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ওবামার জ্বালানি নীতিবিষয়ক উপদেষ্টা ক্যারল ব্রাউনার যুক্তরাষ্ট্রের টেলিভিশনে ভুল তথ্য উপস্থাপন করেন এবং জনগণকে দুর্দশার প্রকৃত খারাপ চিত্র জানানোর কর্মকর্তাদের প্রস্তাব অনুমোদন করেনি হোয়াইট হাউস।লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরে ওই তেলক্ষেত্রে এপ্রিল মাসে এক বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হন। গত ১৫ জুলাই তেলক্ষেত্রের ক্ষতিগ্রস্ত পাইপ ছিপি আটকে বন্ধ করার আগ পর্যন্ত প্রচুর পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ে। বিবিসি।