তদন্তে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ-১৭ ভূপাতিত হওয়ার ঘটনা তদন্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে ভেটো দিয়েছে রাশিয়া। গত বছর ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকার আকাশে বিধ্বস্ত হয় বিমানটি। খবর বিবিসির।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে কেবল রাশিয়াই এ প্রস্তাবে ভেটো দেয়। গত বুধবার নিরাপত্তা পরিষদের অধিবেশনটি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল গঠনের পক্ষে ১১ সদস্য ভোট দেয়। অ্যাঙ্গোলা, চীন এবং ভেনেজুয়েলা ভোট দানে বিরত থাকে।
ভেটো দেওয়ায় রাশিয়ার সমালোচনা করে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি সামান্থা পাওয়ার বলেন, বিপর্যস্ত দেশগুলোর দাবিকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। তবে রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন রাশিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারের’ সমালোচনা করেন। মালয়েশিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজটি নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৯৮ আরোহীর সবাই নিহত হয়।
পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনের দাবি, রাশিয়ার দেওয়া বিমানবিধ্বংসী বাক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ধ্বংস করা হয়েছে—এমন প্রমাণ তাদের কাছে আছে। তবে এ অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা উভয়েই প্রত্যাখ্যান করেছে। রাশিয়া ইউক্রেন সরকারকে এ জন্য দায়ী করে।