তদন্তে ভারতকে সহযোগিতার আশ্বাস ক্যামেরনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও ইতালির যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে হেলিকপ্টার কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই অভিযোগের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। মনমোহন বলেন, অগাস্টাওয়েস্টল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রী ক্যামেরনের কাছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ২০১০ সালে ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে অগাস্টাওয়েস্টল্যান্ড ৭৫ কোটি মার্কিন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ইতালীয় স্বত্বাধিকারী ফিনমেকানিকার প্রধান নির্বাহী জুজুপ্পে অরসিকে কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। প্রতিষ্ঠানটি ভারতে ১২টি হেলিকপ্টার সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ ছিল। তবে ভারত সরকার এখন ওই চুক্তি স্থগিত করেছে। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টারগুলো তৈরি করা হচ্ছে। তিন দিনব্যাপী ভারত সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থানরত ক্যামেরন বলেন, ফিনমেকানিকা একটি ইতালীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ইতালির কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। অগাস্টাওয়েস্টল্যান্ডের ব্যাপারে ভারতকে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এএফপি ও রয়টার্স।