তদন্তে রাজি সিবিআই রাজ্য সরকারের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের অর্থলগ্নি প্রতিষ্ঠান (চিট ফান্ড) সারদার অর্থ আত্মসাতের ঘটনার তদন্তের দায়িত্ব নিতে রাজি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিবিআই। তবে ওই তদন্তের দায়িত্ব কোনোভাবেই এই সংস্থাকে দিতে চায় না রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের সব বিরোধী দল থেকে দাবি উঠেছে, সারদার কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সিবিআই তদন্ত করলে তৃণমূলের অনেক নেতা-কর্মী ফেঁসে যেতে পারেন। তাই রাজ্য সরকার চাইছে, রাজ্য পুলিশ দিয়ে তদন্ত চালাতে। ইতিমধ্যে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। সারদা গোষ্ঠীর অর্থ আত্মসাতের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে কলকাতা হাইকোর্টে চারটি জনস্বার্থ মামলা হয়েছে। গত শুক্রবার ওই মামলায় শুনানিকালে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সারদার ঘটনার তদন্ত করতে তাদের কোনো আপত্তি নেই। তবে তদন্তে তারা রাজ্য সরকারের সহযোগিতা চায়। একই দিন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে একটি হলফনামা জমা দিয়ে দাবি করা হয়, সিবিআই দিয়ে সারদার ঘটনার তদন্তের সময় এখনো আসেনি। আগামী বুধবার জনস্বার্থ মামলার শুনানির জন্য সব পক্ষকে উপস্থিত থাকতে বলেছেন হাইকোর্ট।চিট ফান্ড কোম্পানির মালিকের আত্মহত্যা: অপরূপা নামের একটি চিটফান্ড কোম্পানির মালিক অজিত শীল গত বৃহস্পতিবার গভীর রাতে আত্মহত্যা করেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার রামনগর থানার নৈনানে তাঁর নিজস্ব হোটেলের একটি কক্ষে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তাঁর মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, বাজারে তিনি দুই কোটি রুপি দেনা। এই টাকা পরিশোধ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর এর আগে পাঁচজন এজেন্ট ও আমানতকারী আত্মহত্যা করেন।