তরুণ গগৈয়ের পদত্যাগপত্র গ্রহণ করেননি সোনিয়া গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের ওয়ার্কিং কমিটি দলের ব্যর্থতার দায় থেকে শীর্ষ নেতাদের রক্ষা করতে চাইলেও দলের মধ্যেই বিরূপ সমালোচনা শুরু হয়েছে। এই অবস্থায় আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পদত্যাগ করতে চাইলেও তা হলো না। তরুণ গগৈ গতকাল বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। তার আগে তিনি দলের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন।
সোনিয়ার সঙ্গে গতকাল দেখা করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংও। তবে দেখা করার আগে তিনি সাংবাদিকদের জানান, লোকসভা ভোটে জনতা যে রায় দিয়েছে তা তাঁর সরকারের বিরুদ্ধে নয়।
আসামে ১৪টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র তিনটি আসন পেয়েছে৷ গত ১৫ বছরে আসামে এত খারাপ ফল করেনি কংগ্রেস। এর ফলে তরুণ গগৈয়ের বিরোধীপক্ষ রাজ্যে নেতা বদলের জন্য চাপ সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীও নির্বাচনী প্রচারে বলেছিলেন, সাত আসনের কম পেলে তিনি ইস্তফা দেবেন।
আসাম বিধানসভায় ১২৬ সদস্যের মধ্যে কংগ্রেসের রয়েছে ৭৮ জন। এঁদের মধ্যে কদিন আগে ৪৫ জন বৈঠক করে গগৈয়ের ইস্তফা দাবি করেন। সোনিয়ার পক্ষে মুশকিল হলো, গগৈয়ের ইস্তফাপত্র গ্রহণ করলে দেশের অন্য মুখ্যমন্ত্রীদের পদত্যাগপত্রও গ্রহণ করতে হয়। অন্যদিকে, গগৈয়ের বিরুদ্ধে যাঁরা রয়েছেন, তাঁদের দাবিও বেশি দিন উপেক্ষা করা সম্ভব নয়। তাই মনে করা হচ্ছে, এখনই রাজ্যে মুখ্যমন্ত্রী বদল না করলেও ভবিষ্যতে তা করা যেতে পারে। আসামে বিধানসভার ভোট ২০১৬ সালে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের শীর্ষ নেতৃত্বকে রক্ষার যাবতীয় চেষ্টা চালালেও দলের বিভিন্ন মহলে অসন্তোষ চাপা দেওয়া যাচ্ছে না। সাবেক মন্ত্রী মিলিন্দ দেওরা দক্ষিণ মুম্বাই থেকে দাঁড়িয়ে হেরেছেন। বৃহস্পতিবার তিনি হাইকমান্ডের ‘উপদেষ্টাদের’ একহাত নেন। বলেন, ‘উপদেষ্টাদের মাটির সঙ্গে যোগ আছে কি নেই। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন ভোটের অভিজ্ঞতা তাঁদের আছে কি? আমাদের অনেকেরই মনে হয়েছে, দলে আমাদের কোনো স্থান নেই। আমাদের কথা তাঁদের কানে পৌঁছায় না।’ শীর্ষ নেতা বীরাপ্পা মইলি ও কমলনাথও কদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন।