তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার তরুণদের আগ্রহ বেশ কম। গত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার ‘পরিবর্তন আনার’ স্লোগান দিয়ে বেশ সাড়া ফেলেছিলেন তরুণদের মধ্যে। কিন্তু এবার তরুণদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেননি কোনো প্রার্থীই। বিশ্লেষকদের মতে, তরুণদের এই আগ্রহ হারানোর একটি কারণ হতে পারে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদ। এই সময় নির্বাচনী প্রচারণায় তরুণদের স্বপ্ন দেখানো ওবামা তাঁদের হতাশাই উপহার দিয়েছেন। তরুণদের এই হতাশার মূল কারণ, কর্মসংস্থানের অভাব, বেকারত্বের হার বৃদ্ধি। পড়াশোনা শেষে কাজ পাচ্ছেন না তাঁরা। এক পরিসংখ্যানে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিনিদের বেকারত্বের হার ১১ দশমিক ৮ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের জাতীয় বেকারত্বের হারের (৭ দশমিক ৯ শতাংশ) চেয়ে বেশি।নির্বাচন নিয়ে তরুণদের আগ্রহ কম থাকার বিষয়টি উঠে এসেছে জনমত জরিপ প্রতিষ্ঠান পিউ সেন্টারের জরিপে। এই জরিপে চলতি বছর তরুণদের মাত্র অর্ধেক নিজেদের ভোটার হিসেবে নিবন্ধিত করার আগ্রহের কথা জানান, যা ১৯৯৬ সালের পর যেকোনো সময়ের চেয়ে কম।নির্বাচন নিয়ে আগ্রহ কম থাকলেও তরুণদের কাছে দুই প্রার্থীর মধ্যে ওবামাই বেশি পছন্দের। তবে তা ২০০৮ সালের চেয়ে কম। গত অক্টোবরের শুরুতে হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিক্সের জরিপে দেখা যায়, ৩০ বছরের কম বয়সী তরুণ ভোটারদের ৫৫ শতাংশ ওবামাকে সমর্থন করেন। রিপাবলিকান রমনিকে সমর্থন করেন ৩৬ শতাংশ। অথচ ২০০৮ সালে ওবামা তরুণ ভোটারদের ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন। তাঁর তখনকার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের বাক্সে পড়েছিল ৩২ শতাংশ তরুণ ভোট। বেকারত্বের হার বাড়ায় ওবামার প্রতি হতাশ হলেও তাঁর প্রতি বেশি তরুণের সমর্থন থাকার কারণ অন্যান্য নীতি। হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিক্সের জরিপে অর্থনৈতিক নীতিসহ ওবামা ও রমনির সাতটি নীতি তুলে ধরে মতামত চাওয়া হয় তরুণদের কাছে। সাতটি নীতিতেই তরুণেরা ওবামার প্রতিই সমর্থন জানান। দি ইকনোমিস্ট।