তরুণীর হাতব্যাগে নবজাতকের মৃতদেহ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক তরুণীর হাতব্যাগ তল্লাশি করে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ম্যানহাটনের ভিক্টোরিয়া সিক্রেট নামের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিউইয়র্কের হ্যারল্ড স্কোয়ার-সংলগ্ন দোকান ভিক্টোরিয়া সিক্রেটে কেনাকাটা করেন দুই তরুণী। দোকান থেকে বের হওয়ার সময় তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাঁদের থামান। নিরাপত্তাকর্মীদের সন্দেহ ছিল, ওই দুই তরুণী মূল্য পরিশোধ না করেই দোকান থেকে কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
দুই তরুণীর মধ্যে টিয়ানা রড্রিগেজ নামের এক তরুণীর ব্যাগ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করেন, তাঁর ব্যাগের ভেতর একটি নবজাতকের মৃতদেহ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনি দাবি করেন, আগের দিন রাতে তিনি ওই মৃত সন্তানের জন্ম দিয়েছেন। মৃতদেহটি কী করবেন বুঝতে করতে পারছিলেন না। তাই ব্যাগে ভরে বেরিয়ে পড়েছিলেন।
টিয়ানা ও তাঁর সঙ্গে থাকা অন্য তরুণীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। নবজাতকটি মৃত প্রসব হয়েছে, না জন্মের পর হত্যা করে ব্যাগে ভরে রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষা চলছে।