তরুণের কৃতকর্মে বাবার অনুশোচনা
ইসলামিক স্টেটের জঙ্গি দলে যোগ দিয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেধাবী তরুণ জেক বিলারডি। মায়ের মৃত্যুর পর থেকে ছেলেটি অনেকটা বদলে যায়। ব্যস্ত বাবা সেদিকে মনোযোগ দিতে পারেননি। ছেলের মনের অবস্থা বোঝার মতো সময় ছিল না তাঁর হাতে। হঠাৎ একদিন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের মধ্যে বন্দুক হাতে দেখেন ছেলেকে। তত দিনে অনেক দেরি হয়ে গেছে। এখন অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় নেই।
এএফপির খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে ইরাকে আত্মঘাতী বোমা হামলায় জ্যাক বিলারডি (১৮) নিহত হয়েছে। বাবা জন বিলারডি গতকাল রোববার রাতে নাইন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ছেলে জেক ছিল লাজুক ও নরম মনের। তিনি ভাবতেও পারেননি যে সে জঙ্গি দলে যোগ দেবে। মায়ের মৃত্যুর পর ইসলাম গ্রহণ করে জেক। তখন থেকে তার কিছু মানসিক সমস্যা তৈরি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি বাবা। ছেলের এই পরিণতির জন্য এখন নিজেকেই দায়ী মনে করছেন।
এ মাসের শুরুতে ইরাকে আইএসের যে হামলা হয় তাতে জেক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। বাবা জন বিলারডি বলেন, আইএস জঙ্গিদের কাছে জেক ছিল একধরনের পুরস্কার। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা জেককে ব্যবহার করে।
জন সব অভিভাবককে সতর্ক করতে বলেন, ‘যে সময়ে বাবা হিসেবে আমার ছেলের পাশে দাঁড়ানো উচিত ছিল, আমি পারিনি।’ তাই ছেলের এই পরিণতির জন্য তিনি নিজেকেই দায়ী মনে করেন।