মালয়েশিয়া এয়ারলাইনসের দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি (এমএইচ৩৭০) অনুসন্ধানের জন্য কোনো সময়সীমা নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল সোমবার এ ঘোষণা দিয়ে বলেন, উড়োজাহাজের ভাগ্যে কী ঘটেছিল, তা বিশ্ববাসীর জানার অধিকার রয়েছে।
নিখোঁজ ওই উড়োজাহাজের চিহ্ন বা ‘ধ্বংসাবশেষ’ শনাক্ত করার লক্ষ্যে তিন সপ্তাহের অনুসন্ধানে কোনো সাফল্য আসেনি। বিরূপ আবহাওয়ার কারণে ওই উদ্ধার অভিযান বন্ধও রাখা হয়েছিল। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার পার্থ থেকে গতকাল ২০টি আকাশযান ও জাহাজ অভিযান আবার শুরু করেছে। অনুসন্ধান শুরু করা নতুন ওই এলাকার আবহাওয়া তুলনামূলক শান্ত রয়েছে।
ককপিট থেকে পাঠানো শেষ বার্তা: মালয়েশিয়া কর্তৃপক্ষ এমএইচ৩৭০ ফ্লাইটের নিখোঁজ উড়োজাহাজের ককপিট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সর্বশেষ কথাবার্তার একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে।
এর আগে বলা হয়েছিল, বার্তার সর্বশেষ কথা ছিল, ‘অলরাইট, গুড নাইট (সব ঠিক আছে, শুভরাত্রি)।’ কিন্তু গতকাল সোমবার মালয়েশিয়া কর্তৃপক্ষ যে সংস্করণটি প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ককপিট থেকে আসা শেষ কথা ছিল, ‘গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো (শুভরাত্রি মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো)।’ এএফপি ও রয়টার্স।