তসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার দাবিতে গত রোববার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা হয়েছে। ক্যাম্ব ও কলকাতার নারী নির্যাতনবিরোধী সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কলকাতার বুদ্ধিজীবীরা এবার বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, সরকার পরিবর্তন হলে তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ দাবির বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন কবি জয় গোস্বামী। এ দিন প্রতিবাদ সভায় বুদ্ধিজীবীদের কাছে তসলিমাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, চার বছর আগে মৌলবাদীদের প্রতিবাদের মুখে তসলিমাকে কলকাতা থেকে বিতাড়ন করা হয়েছিল। এখন রাজ্যে পরিবর্তন এসেছে। তাই এবার তসলিমাকে ফিরিয়ে আনতে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন মোহিত রায়, স্বাতী, স্বপ্না রায়, প্রকাশ দাস প্রমুখ।