তসলিমার পাশে দাঁড়িয়েছে ভারত সরকার
বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের একটি লেখাকে কেন্দ্র করে কর্ণাটকে যে দাঙ্গা-পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এতে তসলিমার কোনো ভূমিকা নেই বলে ভারত সরকার জানিয়ে দিয়েছে। কর্ণাটকের লেখাটি যে তাঁর বিনা অনুমতিতে বিকৃত করে ছাপা হয়েছে সে সম্পর্কে তসলিমার বক্তব্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট। আর তাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম জানিয়েছেন, কর্ণাটকের ঘটনাটা শয়তানি করে ঘটানো হয়েছে এবং এর পেছনে তসলিমার কোনো ভূমিকা নেই। পি চিদাম্বরম তসলিমাকে সমর্থন দিলেও বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের অফিস থেকে তসলিমার বিরুদ্ধে অশান্তি ঘটানোর দায়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গত সোমবার কর্ণাটকে স্থানীয় পত্রিকা কান্নাড়া প্রভা-য় তসলিমার নামে বোরকা নিয়ে একটি লেখা প্রকাশের প্রতিক্রিয়ায় দুটি শহরে দাঙ্গা-পরিস্থিতির সৃষ্টি হয়। বেঙ্গালুরু পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আর দেশাই কর্ণাটকে ঘটে যাওয়া দাঙ্গার জন্য পরোক্ষভাবে তসলিমাকে দায়ী করেছেন। তাঁর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, বিতর্ক সৃষ্টির জন্যই প্রবন্ধটি লেখা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার আর দেশাই দাঙ্গা-পরিস্থিতি তৈরির জন্য একটি উর্দু দৈনিককেও দায়ী করেছেন। এই পত্রিকাটি পাল্টা প্রবন্ধ লিখে উসকানি জুগিয়েছিল। পুলিশ কান্নাড়া প্রভা-র প্রকাশক, সম্পাদক ও লেখাটির অনুবাদকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে।তবে তসলিমা গত মঙ্গলবার বিবৃতি দিয়ে জানান যে কান্নাড়া প্রভা-য় তিনি কোনো লেখা লেখেননি। তসলিমা বিনা অনুমতিতে তাঁর নামে বিকৃত করে প্রবন্ধ ছাপার অভিযোগ জানিয়ে কান্নাড়া প্রভা-র বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। তবে তসলিমা মনে করছেন, তাঁকে ভারত থেকে তাড়ানোর উদ্দেশ্য নিয়েই এটি করা হয়েছে।কান্নাড়া প্রভা অফিসে হামলাবেঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী কান্নাড়া প্রভা অফিসে হামলা চালায়। তারা সেখানে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। কান্নাড়া প্রভা-র পাশাপাশি একই এলাকায় অবস্থিত আরও একটি পত্রিকা অফিসেও হামলা চালায় দুষ্কৃতকারীরা।