তহবিল সংগ্রহে রমনির চেয়ে এগিয়ে ওবামা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহে গত আগস্টে রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগস্টে ওবামা দ্বিতীয়বারের মতো তাঁর নির্বাচনী অভিযান ও ডেমোক্রেটিক জাতীয় সম্মেলন থেকে ১১ কোটি ৪০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেন। একই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি সংগ্রহ করেন ১১ কোটি ১০ লাখ ডলার।ওবামার নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক জিম মেসিনা এক বিবৃতিতে জানান, গত মাসে নতুন তিন লাখ ১৭ হাজারের বেশি দাতার কাছ থেকে অর্থ পড়েছে ওবামার তহবিলে। এই দাতারা আগে কখনো কোনো নির্বাচনী তহবিলে অর্থ দেননি। এ ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় তৃণমূল পর্যায়ের অভিযান বলে জানান তিনি।রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও স্টেট রিপাবলিকান পার্টির এক প্রতিবেদনে বলা হয়, তাদের হাতে বিলি-বণ্টনের জন্য ১৬ কোটি ৮০ হাজার ৫০০ ডলার রয়েছে। এএফপি।