নয়াদিল্লিতে গণধর্ষণ:সাক্ষাৎকারে সেই ছাত্রীর ছেলেবন্ধু
তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনেক মিনতি করেছিলাম
নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হওয়ার পর মারা যাওয়া মেডিকেলের সেই ছাত্রীর ছেলেবন্ধু বলেছেন, ‘যে নিষ্ঠুরতা দেখেছি, আর কোনো দিন যেন তা দেখতে না হয়। আমি ওই মানুষগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলাম। পরে তাঁকে (মেয়েটিকে) ছেড়ে দেওয়ার জন্য একের পর এক অনেক মিনতি করেছিলাম।’গত ১৬ ডিসেম্বর ওই ধর্ষণের ঘটনার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওই ছাত্রীর ছেলেবন্ধুটি। বর্ণনা দিয়েছেন সেদিনের সেই বর্বরোচিত ঘটনার।ঘটনার সময় ছেলেবন্ধুটিও ওই ছাত্রীর সঙ্গে ছিলেন। তিনিও ধর্ষকদের রোষানলে পড়েন। তাঁর পা ভেঙে যায় এবং শরীরে অন্যান্য স্থানেও আঘাত করা হয়। মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়া ছেলেটি বর্তমানে উত্তর ভারতে তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন।উত্তর প্রদেশের গোরাখপুর থেকে বার্তা সংস্থা এএফপিকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেটি জানান, ওই দিন রাতে নয়াদিল্লিতে একটি সিনেমা হল থেকে সিনেমা দেখে ফিরছিলেন তাঁরা দুজন। উদ্দেশ্য ছিল, রিকশায় চড়ে নয়াদিল্লির উপকণ্ঠে অবস্থিত বাড়িতে মেয়েটিকে পৌঁছে দেওয়া। তবে কয়েকটি রিকশা ওই এলাকায় যেতে অস্বীকার করায় তাঁরা বাসে চড়েন। বাসে চড়ার পর ছয়জন মিলে ধর্ষণ করে মেয়েটিকে এবং তাঁদের দুজনকেই মারধর করে বাস থেকে ফেলে দেয়। গুরুতর আহত মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় গত সপ্তাহের শেষের দিকে মারা যান।নাম প্রকাশ করতে রাজি হননি ছেলেটি। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা নির্যাতন চালানোর পর চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। একজন পথচারী তাঁদের দেখলেও উদ্ধার করতে এগিয়ে আসেননি। তিনি তাঁদের দুজনের মানসিক অবস্থা বিবেচনা করে সংবেদনশীল আচরণ করতে ব্যর্থ হওয়ায় পুলিশের সমালোচনা করেন। এ ছাড়া মেয়েটিকে যে সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল, সেই চিকিৎসা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ছেলেটি আরও বলেন, ‘বাসটিতে চড়তে আমার সাহস হচ্ছিল না। কিন্তু আমার বন্ধুটির দেরি হয়ে যাচ্ছিল। তাই আমরা সেটাতে চড়ি। সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তার পরই সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেল।’ছেলেটি জানান, বাসে ওঠার পর প্রথমে চালক অশোভন মন্তব্য শুরু করেন। পরে তাঁর সঙ্গে অন্যরা যোগ দেন। এরপর তিনি চালককে বাস থামাতে বলেন। তবে এরই মধ্যে চালকের সহযোগীরা বাসটির দুটি দরজাই বন্ধ করে দেন। এরপর তাঁরা তাঁকে একটি ছোট লাঠি দিয়ে আঘাত করেন, আর তাঁর মেয়েবন্ধুটিকে চালকের কেবিনের কাছাকাছি একটি আসনে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। এএফপি।