তাঁর এখন একটাই চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারি ক্লিনটনের এখন রাজ্যের ঝামেলা। অবসরের কোনো ফুরসত নেই। একমাত্র মেয়ের বিয়ে। হাত গুটিয়ে বসে থাকলে কি চলে? ঘরসজ্জা, গয়নাগাটি কেনা, বর-কনের পোশাক পছন্দ করা আরও কত কি! সেই সঙ্গে কাকে কাকে দাওয়াত দেবেন তা তো আছেই। অতিথিদের আপ্যায়ন কেমন হবে তাও ভাবতে হচ্ছে তাঁকে! হিলারি নিজেই বলেছেন, হাজারো মাইল দূরে থাকলেও মেয়ের বিয়ের সব আয়োজনের ব্যাপারে তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।সরকারি সফরের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শনিবার পোল্যান্ড যান। মধ্য ইউরোপ ও ককেশাস অঞ্চলের পাঁচটি দেশে সফরের অংশ হিসেবে তিনি পোল্যান্ড যান। সেখানে তিনি সে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে বলেন, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা কিংবা এখানকার সুশাসনের ব্যবস্থা নিয়ে তিনি এখন আর ভাবছেন না। তাঁর এখন একটাই চিন্তা, মেয়ে চেলসির বিয়ে।বাল্যকালের ইহুদি বন্ধু মার্ক মেজভিনস্কির সঙ্গে গত নভেম্বরে বাগদান হয় ৩০ বছরের চেলসির। ৩১ জুলাই হবে তাঁদের বিয়ে। চেলসি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। আর মেজভিনস্কি কাজ করছেন বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচসে। নিউইয়র্কের ১০০ মাইল উত্তরে অবস্থিত ছোট্ট শহর রিনেবেক। এই শহরেরই বিলাসবহুল রেস্তোরাঁ অ্যাস্টর কোর্টসে চেলসি ও মেজভিনস্কির বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট ও চেলসির বাবা বিল ক্লিনটনের সময়কার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী আল গোর ও তাঁর সাবেক স্ত্রী যোগ দেবেন না। তাই তাঁরা এক বিবৃতিতে চেলসির প্রতি শুভকামনা জানিয়েছেন। চেলসির হবু স্বামী মেজভিনস্কির বাবা ও মা ডেমোক্র্যাট দলের হয়ে কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রতারণার অভিযোগে মেজভিনস্কির বাবা এড মেজভিনস্কিকে পাঁচ বছর কারাভোগ করতে হয়। ২০০৮ সালে তিনি জেল থেকে মুক্তি পান। চেলসির মা হিলারি বলেছেন, ‘এটা সত্য যে এই মুহূর্তে চেলসির বিয়েই হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘ভাগ্যটা খুবই ভালো যে ই-মেইলে পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারছি। বিয়ের সাজসজ্জায় কোন ফুল ব্যবহার করা হবে তা আমি দেখতে পারছি। এ ছাড়া বিয়ের অন্যান্য বিষয়েও আমার মতামত দিতে পারছি।’ চেলসির কিশোর বয়সটা কেটেছে হোয়াইট হাউসে। এ কারণে তাঁকে নিয়ে মার্কিন গণমাধ্যমের আলাদা একটা কৌতূহল রয়েছে। বাগদান থেকে শুরু করে বিভিন্ন সময় চেলসির বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে প্রতিবেদন করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। মনিকা লিউনস্কির সঙ্গে বাবার প্রেম নিয়ে হোয়াইট হাউসের বাইরে যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল, চেলসিকে সেই ঘৃণ্য পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মায়ের পক্ষে প্রচারণায়ও ছিল তাঁর সক্রিয় ভূমিকা। বিয়ে নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই রসিকতা হতো চেলসির। একবার তো চেলসি বাবাকে বলেই বসলেন, তাঁকে ওজন কমাতে হবে। কেন জানতে চাইলে চেলসি বলেন, ‘গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতার সময় তোমাকে যেন আরও সুদর্শন লাগে সে জন্যই আরও অন্তত সাত কেজি ওজন কমাতে হবে।’ সম্প্রতি এক অনুষ্ঠানে বিল ক্লিনটন মেয়ের আবদারের এ গল্প শুনিয়ে হাসির হুল্লোড় ফেলে দেন উপস্থিত সবার মধ্যে। গার্ডিয়ান অনলাইন।