
হাজারো জনের তিনিও একজন। এসেছেন ২২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রি স্টেট প্রদেশের সেনেকাল থেকে। সঙ্গে ১৪ বছরের মেয়ে। চাওয়া একটাই—প্রিয় মাদিবাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো। কিন্তু নোসিওয়ে মাদুনা সম্পূর্ণ হতাশ। জনতার প্রচণ্ড ভিড়ে প্রিয় নেতার ধারে-কাছেও ঘেঁষতে পারলেন না।

মা হাল ছাড়লেও নাছোড়বান্দা মাদুনার মেয়ে। মাদিবাকে তাঁর দেখতেই হবে। মাদুনা বলেন, ‘মেয়ে বলল, আমাদের আরেকবার চেষ্টা করা উচিত। আমরা এখানে রাতে থাকব। কারণ, সে কিছুতেই তাঁকে (ম্যান্ডেলা) না দেখে বাড়ি ফিরবে না।’
মেয়ের চাওয়া পূরণ করতে ইউনিয়ন বিল্ডিংয়ের বাইরে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন মাদুনা। মেয়েকে নিয়ে একটি পেট্রল স্টেশনে অবস্থান নিলেন তিনি। কিন্তু সেখানেও ঠাঁই নেই ঠাঁই নেই। আগের দুদিন মাদিবার কাছে যেতে ব্যর্থ এমন আরও কয়েক হাজার মানুষ তাঁদের মতোই ইউনিয়ন বিল্ডিংয়ের বাইরে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। শেষে শুক্রবার দিবাগত রাত তিনটায় মেয়েকে নিয়ে আবারও লাইনে দাঁড়ান মাদুনা।
কিন্তু এযাত্রায় তাঁর মেয়ের আশা পূরণ হবে তো? এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে খোদ মাদুনারই। কেননা, শুক্রবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সকাল সাড়ে সাতটার মধ্যেই ইউনিয়ন বিল্ডিংয়ের বাইরে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বর্ণের-ধর্মের মানুষের এ সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। দীর্ঘ সুবিশাল এক সারি। পরিস্থিতি বেগতিক দেখে ভড়কে যায় কর্তৃপক্ষ। উপায়ান্তর না দেখে ম্যান্ডেলার কফিন ইউনিয়ন বিল্ডিংয়ে আনার দুই ঘণ্টার মধ্যেই সরকারের তথ্য অধিদপ্তর থেকে জরুরি ঘোষণা আসে, ‘আমরা সর্বসাধারণকে চত্বরে না আসতে অনুরোধ করছি।’
মহানায়কের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সময় বাড়ানো হবে কি না, পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে সে-সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা তাদের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের দিন সেটাই করেছিল। ১৯৯৪ সালের সেই ঐতিহাসিক নির্বাচনের দিন ভোট প্রদানের সময় বাড়ানো হয়েছিল।
শ্রদ্ধা জানানোর দ্বিতীয় দিন মাত্র ২৪ হাজার মানুষ প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছে। তাই অবধারিতভাবে বলা যায়, গতকাল বেশির ভাগ মানুষই শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে ফিরে গেছে।
ম্যান্ডেলার মরদেহ আজ শনিবার সকালে সামরিক বিমানে করে প্রিটোরিয়া থেকে ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান শহর এমথাথাতে নেওয়া হবে। এমথাথা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর পরিবহনে করেই মরদেহ নেওয়া হবে ম্যান্ডেলার নিজের গ্রাম কুনুতে। প্রথাগত বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে কাল রোববার শৈশবের স্মৃতিমাখা কুনু গ্রামেই শায়িত হবেন মুক্তিকামী মানুষের এই নেতা। এএফপি।