তাঁর পরনে ৫০ বছরের পুরোনো অন্তর্বাস!
চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সাবেক নেতা বো শিলাই। দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কারের পর মামলাও হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার শুনানির সময় গতকাল সোমবার আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেন, তিনি ৫০ বছরের পুরোনো অন্তর্বাস পরছেন।
শুনানির সময় বো শিলাই ও তাঁর পরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তাঁরা এর বর্ণনা দিতে গিয়ে বো শিলাই পরিবারের কয়েকটি ব্যক্তিগত জেটবিমান, ফ্রেন্স রিভিয়েরায় বাসভবন ও দুষপ্রাপ্য পশুর মাংস খাওয়ার অভ্যাসের কথা উল্লেখ করেন। অভিযোগ করা হয়, বো শিলাই পরিবারের বিলাসবহুল জীবনযাপনের অর্থের জোগানদাতা হলেন কয়েকজন সম্পদশালী ব্যবসায়ী।
বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ অস্বীকার করেন বো শিলাই। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাদামাটা জীবন যাপন করি। আমি পোশাক-আশাকের চাকচিক্যের ব্যাপারেও আগ্রহী নই। এই মুহূর্তে আমি যে অন্তর্বাস পরে আছি, তা ষাটের দশকে মা আমাকে কিনে দিয়েছিলেন।’
বো বলেন, ‘আমি আপনাদের সবাইকে বলছি, আমি যে জ্যাকেট পরছি এবং আমার আলমারিতে যেসব স্যুট আছে, তার সবই দালিয়ানের শিনজিন শহরে বানানো।’ এএফপি।